গতকাল মঙ্গলবার ঢাকায় সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি একদিকে নগরবাসীকে তীব্র গরম থেকে রেহাই দিয়েছে, অন্যদিকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তাদের ভোগান্তিতে ফেলেছে। বিশেষ করে মালিবাগ, বনানী, ধানমন্ডি, পান্থপথ, মিরপুর, গ্রিন রোড, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন এলাকার সড়কগুলো পানিতে সয়লাব হয়ে গেছে। চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১০৩ মিলিমিটার। আবহাওয়াবিদদের মতে, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী, ১১ থেকে ২২ মিলিমিটার হলে মাঝারি বৃষ্টিপাত, আর ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিকে হলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলা হয়।
স্বল্প সময়ে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজধানীর অনেক এলাকায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়েছে। এটা কি এড়ানো যেত না? অবশ্যই এড়ানো যেত, যদি পানিনিষ্কাশনের ব্যবস্থা উন্নত থাকত। কিন্তু ঢাকা শহরে বৃষ্টির পানি নিষ্কাশনের ক্ষেত্রগুলো ভরাট হয়ে গেছে। শহরের অধিকাংশ খাল মরে গেছে, পুকুর, ডোবা ও জলাশয় দখল হয়ে গেছে। যে কটি এখনো টিকে আছে, সেগুলোয় ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। ফলে বৃষ্টির পানি সরতে পারছে না।
ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। ফি বছর খাল খনন, পুকুর খনন ইত্যাদির নামে তারা কোটি কোটি টাকা খরচ করলেও পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছিল। প্রতিবছর বর্ষার মৌসুমে বাড়ছিল জলাবদ্ধতা। এই অবস্থায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকার জলাবদ্ধতা নিরসন এবং খাল উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওপর। দায়িত্ব বুঝে পাওয়ার পর জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশন কিছু কিছু কাজও করেছে। কিন্তু মাত্র পাঁচ মাসে তাদের পক্ষে কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে এবারে ভারী বর্ষণের প্রথম দিনই ঢাকাবাসী নাকাল।
তবে দুই সিটি মেয়র পানিনিষ্কাশনের কিছু বাস্তব সমস্যাও তুলে ধরেছেন। ঢাকা শহরে বর্তমানে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ নানা উন্নয়নকাজ চলছে। এসব উন্নয়নকাজও অনেক ক্ষেত্রে জলাবদ্ধতা তৈরি করে। বৃষ্টির পানি নিষ্কাশনের পর যে নদীতে যাবে, তার নাব্যতাও নিশ্চিত করা প্রয়োজন। ঢাকার চারপাশের চারটি নদ–নদী—বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এখন প্রায় মুমূর্ষু। প্রতিটি নদ–নদী মারাত্মকভাবে দখল ও দূষণের শিকার। ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিনের যথেচ্ছ ব্যবহার। রাস্তায়, পুকুরে, নদীতে যত্রতত্র পলিথিন ফেলে পানিনিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে। এ থেকে উত্তরের উপায় হলো পলিথিনের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা। সেই সঙ্গে সব খাল, পুকুর, ডোবা, জলাশয় দখলমুক্ত করতে হবে।
দুই সিটি করপোরেশনের মেয়রই বলেছিলেন, এ বছর ঢাকায় জলাবদ্ধতার মাত্রা কম হবে। বর্ষার মৌসুম শুরু হয়েছে মাত্র। সামনে আরও বৃষ্টি হবে। এই অবস্থায় ঢাকার জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশনকে টেকসই ও সমন্বিত কর্মসূচি নিয়ে এগোতে হবে। আমরা আশা রাখতে চাই, দুই সিটি মেয়র কথা রাখবেন। তঁারা জনপ্রতিনিধি। জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি চায়।
জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা ব্যর্থ হয়েছে বলে সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ব্যর্থ হলে কাকে দায়িত্ব দেওয়া হবে? শেষ বিচারে এটি সরকারেরই ব্যর্থতা।