জলাবদ্ধতার কবলে স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটির প্রবেশমুখ তিন মাস ধরে জলাবদ্ধ থাকলেও কর্তৃপক্ষের ঘুম ভাঙেনি। স্বাস্থ্যসেবাকেন্দ্রটির সহকারী পরিদর্শক যেমন পরিচালনা কমিটির সভাপতিকে সমস্যাটি অবহিত করেই দায়িত্ব শেষ করেছেন, তেমনি জেলা স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাসবাণী শুনিয়েছেন। কিন্তু জেলা সদর থেকে সদর থানা স্বাস্থ্যসেবাকেন্দ্রটি পরিদর্শন করতে তিন মাস অপেক্ষা করতে হবে কেন?
এনায়েতনগর সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি শিল্পাঞ্চলে অবস্থিত। সেখানে অন্যান্য পেশার মানুষের পাশাপাশি লক্ষাধিক শ্রমিকের বাস। ফলে তাদের স্বাস্থ্যসেবার প্রধান অবলম্বন এই স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু তিন মাস ধরে এর প্রবেশমুখ জলাবদ্ধ থাকায় তাঁদের পক্ষে সেখানে যাওয়া–আসা দুরূহ হয়ে পড়েছে। চিকিৎসাপ্রার্থীর সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মীদের জন্য নির্মিত কোয়ার্টারগুলোও পানিতে তলিয়ে গেছে।
প্রবেশপথ তিন মাস ধরে জলাবদ্ধ, দুর্ভোগপ্রকৃতপক্ষে এলাকার শিল্পকারখানার বর্জ্যের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের দক্ষিণে অবস্থিত পুকুরে আটকে থাকা পানি সরানো গেলে রোগীরা নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারতেন। এর আগে একটি খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও সেটি ভরাট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে পাইপ দিয়েও পানি সরিয়ে চিকিৎসাপ্রার্থীদের আসা-যাওয়ার সুযোগ করা যেত। এলাকার নির্বাচিত প্রতিনিধি আছেন, আছেন সরকারি কর্মকর্তাও। তাঁদের কাউকেই জলাবদ্ধতা নিরসন তথা এলাকাবাসীর স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আইন অনুযায়ী কারখানার বর্জ্য যত্রতত্র ফেলে রাখা যায় না। কিন্তু অনেক কারখানা মালিকই সেই আইন মানেন না। ফলে দুর্ভোগে পড়তে হয় চিকিৎসাপ্রার্থীসহ সাধারণ মানুষকে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এই অচলাবস্থার সুযোগে বেসরকারি ক্লিনিকগুলোর ব্যবসাও রমরমা। এভাবে আর কত দিন নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চলের জনগণ দুর্ভোগ পোহাবে?
আশা করি, অবিলম্বে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে। এনায়েতনগর স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশমুখের জলাবদ্ধতা নিরসনে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।