জাতিসংঘ প্রতিনিধিদলের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের বাংলাদেশ ও মিয়ানমার সফর একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু যা উদ্বেগজনকই থাকল তা হলো এই সফরের পরেই পরিস্থিতি খুব বদলে যাবে, তা মনে করার কারণ নেই। যেখানে মিয়ানমারকে সংগত আচরণ করতে বাধ্য করতে কঠোর ব্যবস্থার বিকল্প নেই, সেখানে তারা সম্ভাব্য কোনো কঠোর ব্যবস্থা আরোপের সম্ভাবনা নাকচ করেছে। প্রতিনিধিদলের মুখে ‘আমরা নীরব থাকতে পারি না’, ‘এখানে না এলে পরিস্থিতির ভয়াবহতা বুঝতাম না’, ‘প্রত্যাবাসন চুক্তির প্রক্রিয়া বাস্তবায়নের উপায় ও পন্থা উদ্ভাবনের চেষ্টা করব’—এ ধরনের কথাবার্তা রোহিঙ্গা উদ্বাস্তুদের মনে আশা জাগাতে পেরেছে বলে মনে হয় না।

প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই এই সংকট নিরসনে নির্দিষ্টভাবে রাশিয়া, ভারত ও চীনের দৃঢ় ভূমিকা আশা করেছেন। এই তিন বন্ধুদেশের প্রতিক্রিয়া আমাদের জনগণ এখন আরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। আসলে প্রতিযোগিতামূলক ভূরাজনৈতিক অবস্থান ও রেষারেষির বলয় থেকে রোহিঙ্গা ইস্যুকে আলাদা করতে পারাই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশ সেটা একা পারবে না। আন্তর্জাতিক গণমাধ্যম, বিশ্ব নাগরিক সমাজ ও শান্তিবাদীরা যাতে রোহিঙ্গা ও বাংলাদেশের সংগত অবস্থানের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।

মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে আন্তর্জাতিক তদন্তের বিকল্প নেই। সেখানকার অভ্যন্তরীণ তদন্ত, যার ভিত্তিতে সম্প্রতি কয়েকজন সেখানে অনধিক ১০ বছরের কারাদণ্ড পেয়েছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ, মিয়ানমারের বিচার বিভাগের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনোকালেই তেমন কোনো আস্থা ছিল না।

প্রতিনিধিদলটির রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করা শুধু মিয়ানমারের নয়, নিরাপত্তা পরিষদে তার কৌশলগত মিত্রদের সংবেদনশীলতার সঙ্গেও যে যুক্ত, সেটাও স্পষ্ট হলো। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব হতে পারে, কিন্তু মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বিলম্বিত হতে পারে না। মিয়ানমারের জনগণ, তার শাসক ও শাসকবর্গীয় দুর্বৃত্ত যারা অপরাধ করেছে, তাদের একত্রে একটি পক্ষ হিসেবে দেখার পক্ষপাতী আমরা নই। নিরাপত্তা পরিষদ বা অন্য কোনো দেশ মিয়ানমারের ওপর শুধু অবরোধ দিয়ে বসে থাকুক, সেটাও প্রত্যাশিত নয়। প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করতে সু চির নরম সুর একটি খণ্ডিত অগ্রগতি। কারণ, মূল সংকটের পেছনে যে রাজনীতি কাজ করছে, সেই অবস্থানের পরিবর্তন হয়নি। রোহিঙ্গারা বাংলাদেশের অবৈধ অভিবাসী, এই মিথ্যাচার বন্ধ করতে হবে।

অবিলম্বে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য দরকারি মূল শর্ত হলো অনুকূল পরিবেশ। মিয়ানমার যাতে সেটা পূরণ করে, সেই লক্ষ্যে নিরাপত্তা পরিষদকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। রোহিঙ্গা সমস্যার সহজ সমাধান নেই—নিরাপত্তা পরিষদের এ অবস্থান মিয়ানমারকে স্বস্তিই দেবে। চীনের প্রতিনিধি স্মরণে এনেছেন যে সমস্যাটি জটিল। এর সঙ্গে নাকি ইতিহাস, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ও ধর্ম জড়িত। কিন্তু ইতিহাস চর্চার আগে ধর্ম-বর্ণনির্বিশেষে বিশ্ববাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। তারা রোহিঙ্গাদের জানমাল রক্ষা করতে পারেনি, এখন তারা রোহিঙ্গা নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে। অগ্রাধিকার দিয়ে এই বিভাজনের বিপক্ষে বিশ্বজনমত গড়তে বাংলাদেশকে উদ্যোগী ও সর্বাত্মক কূটনৈতিক প্রয়াস চালাতে হবে। প্রত্যাবাসন এবং তদন্ত ও বিচারকে পৃথকভাবে মোকাবিলা করার কৌশল নিতে হবে।