জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের হরতালের প্রথম দিনে বগুড়া, রাজশাহীসহ কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ও সহায়সম্পদ ধ্বংসের ঘটনায় শান্তিপ্রিয় নাগরিকেরা উদ্বিগ্ন। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে জনজীবন তো বিপর্যস্ত হয়ই, পাশাপাশি অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। তাই এই মুহূর্তে রাজনৈতিক সহিংসতা বন্ধে সব পক্ষকে উদ্যোগী হতে হবে। যেকোনো প্রতিবাদের ভাষা হতে হবে নিরস্ত্র ও যুক্তিপূর্ণ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো হরতাল আহ্বানকারীরা থানা আক্রমণ ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এক নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করছে। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে বাধ্য হচ্ছে বলে দাবি করছে। ফলে প্রাণহানি বেড়ে চলেছে।রাজনৈতিক সহিংসতায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি শান্ত করার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় গণতন্ত্রের পথে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা চায় বলেই আগ্রহ নিয়ে ওরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ কথা মনে রেখেই বাংলাদেশকে বর্তমান সংকটজনক অধ্যায় পার হতে হবে। উদ্বেগের বিষয় হলো, রাজনৈতিক হানাহানির এই ডামাডোলে একশ্রেণীর লোক সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। কোথাও কোথাও মন্দির ভাঙচুরের ঘটনাও ঘটছে। সাম্প্রদায়িক হানাহানি গণতন্ত্রে গ্রহণযোগ্য নয়। সংখ্যালঘুদের জান-মাল রক্ষার দায়িত্ব সরকারের। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘুদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়।সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনগত অবস্থান তো অবশ্যই দরকার। এর পাশাপাশি নাগরিক সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ গড়ে তুলতে হবে। দেশের সংখ্যাগুরু ধর্মপ্রাণ মুসলমান সব সময়ই এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এটাই এ দেশের ঐতিহ্য। একটি গোষ্ঠীর প্ররোচনায় পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মহান স্বাধীনতার একটি অন্যতম অর্জন। একাত্তরে লাখো শহীদের আত্মদানে অর্জিত স্বাধীন দেশের আদর্শ রক্ষা প্রতিটি দেশপ্রেমিক ব্যক্তির দায়িত্ব। একটি মহল সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করছে। এটা সত্যিই দুঃখজনক।জাতিসংঘের মহাসচিব তাঁর বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার একটি জাতীয় প্রক্রিয়া বলে বিবেচিত। তাই সংশ্লিষ্ট সবার উচিত আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা। জাতিসংঘের মহাসচিবের এই আহ্বানকে বর্তমানে প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন।গত কয়েক দিনে রাজনৈতিক সহিংসতায় অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। শান্তিপূর্ণ পথেই সব রাজনৈতিক বিতর্কের অবসান হওয়া উচিত। সহিংসতা কোনো সমাধান নয়। আমরা আশা করব, ক্ষমতাসীন দল ও বিরোধী পক্ষ সংঘাত নিরসনে বাস্তবসম্মত উপায় বের করতে আন্তরিক চেষ্টা করবে। রাজনৈতিক নেতাদের এখন দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। জনজীবনে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার চেয়ে বড় কর্তব্য আর কিছু হতে পারে না।