জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অতীব দুঃখজনক যে শত শত বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারে বসবাস করলেও দেশটির সরকার তাদের নাগরিকত্ব, মৌলিক ও মানবাধিকার হরণ করে চলেছে। গত ২৫ আগস্ট পুলিশ ও সেনাচৌকিতে সন্ত্রাসী হামলার অজুহাতে সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে এবং তাদের দেশত্যাগে বাধ্য করছে। তা-ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির শাসনামলে।

সংকট উত্তরণে প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাবে মিয়ানমারে জাতিসংঘের মহাসচিবের একটি অনুসন্ধানী দল পাঠানো, জাতি-ধর্মনির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা বিধান, মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষাবলয় গড়ে তোলা এবং কফি আনান কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের কথাও রয়েছে। এসবের বাস্তবায়ন সময়সাপেক্ষ হলেও কাজটি এখনই শুরু করা প্রয়োজন।

পৃথিবীর এই বৃহত্তম রাষ্ট্রবিহীন জনগোষ্ঠীকে রক্ষা এবং স্বদেশভূমিতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে যাতে মিয়ানমার বাধ্য হয়, বিশ্বসম্প্রদায়কে সেই কাজটিই করতে হবে। অতীতে বিভিন্ন দেশে শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘ ইতিবাচক ভূমিকা পালন করেছে। অনেক দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা রাখতে আমরা দেখেছি। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রত্যাবাসনে তারা সাহসী ভূমিকা নেবে, এটাই প্রত্যাশিত। আর কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা তো মিয়ানমারের নেত্রী অং সান সু চিই বলেছেন।

শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের প্রতি তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনরুল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানবকল্যাণ চাই।’ সেই শান্তি ও মানবকল্যাণের বিরুদ্ধে দেশে-বিদেশে সক্রিয় সব অপশক্তির বিরুদ্ধে জোরদার লড়াই জারি রাখতে হবে।