রোহিঙ্গা মুসলমানদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার জন্য গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদ মিয়ানমার সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছে, আমরা তার প্রতি সুদৃঢ় সমর্থন জানাই। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকার এবং সংখ্যাগুরু আরাকানি সম্প্রদায়ের আচরণ ও দৃষ্টিভঙ্গি কেবল অমানবিক নয়, সব ধরনের আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী।
শত শত বছর ধরে সেখানে রোহিঙ্গারা বসবাস করে এলেও কেবল ধর্মের কারণে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। গত বছর অনুষ্ঠিত আদমশুমারিতে রোহিঙ্গাদের বাঙালি পরিচয়ে পরিচিত হওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু আত্মপরিচয় মুছে ফেলা সম্ভব নয় বলেই রোহিঙ্গারা সেটি মেনে নেয়নি। বর্তমানে তারা রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছে।
নিকট-প্রতিবেশী হিসেবে আমাদের উদ্বেগের কারণ হলো, মিয়ানমার সরকারের বৈরী নীতি ও নিষ্ঠুর আচরণের কারণে রোহিঙ্গা শরণার্থীদের বোঝা বাংলাদেশের ঘাড়ে এসে চেপেছে। ইতিমধ্যে শরণার্থীর সংখ্যা কয়েক লাখে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব সম্প্রদায় যখন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে, তখন মিয়ানমার সরকার তাদের জাতীয় পরিচয় পাল্টে দেওয়ার চেষ্টা করছে। এটি খুবই দুর্ভাগ্যজনক।
ধারণা করা গিয়েছিল যে মিয়ানমারে গণতন্ত্র ফিরে এলে রোহিঙ্গাদের দুর্ভোগ অনেকাংশে কমবে। কিন্তু গত তিন বছরে অভিজ্ঞতা অত্যন্ত বেদনাদায়ক। সেখানে সংখ্যালঘু রোহিঙ্গারা প্রায়ই সংখ্যাগুরু আরাকানিদের হামলার শিকার হচ্ছে। গত বছরের দাঙ্গায় দেশটিতে ২৮০ জন নিহত হয়, যার অধিকাংশ রোহিঙ্গা। জাতিগত নিপীড়নের কারণে হাজার হাজার মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছে।
আমরা আশা করি, মিয়ানমার সরকারের সুমতি ফিরে আসবে এবং তারা জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ফিরিয়ে দেবে। তাদের বুঝতে হবে যে গায়ের জোরে কারও জাতিগত পরিচয় মুছে ফেলা যায় না। কোন জাতিগোষ্ঠী কী পরিচয়ে পরিচিত হবে, সেটি সম্পূর্ণ তাদের মৌলিক অধিকার। মিয়ানমারের সরকার যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, ততই মঙ্গল।