জাতিসংঘের বিবৃতিতে আপত্তি কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উগ্র জাতিবিদ্বেষের রাষ্ট্রীয় পন্থার কারণে বাংলাদেশের পক্ষে বিষয়টির দ্বিপক্ষীয় সমাধান করা কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘের গুরুদায়িত্ব রয়েছে। বিশ্বের কোথাও মানবতা নিপীড়িত হলে, নিরীহ মানুষ লাগাতার হত্যার শিকার হলে, নারী ধর্ষণ ও জনগোষ্ঠী বিতাড়ন চললে জাতিসংঘ চুপ করে থাকতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে, জাতিসংঘ বিষয়টি নিয়ে ততটা সরব ও সক্রিয় নয়। মূলত চীন ও রাশিয়ার বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রসহ কোনো কোনো পশ্চিমা রাষ্ট্রের উদাসীনতার সুবিধাই মিয়ানমার পাচ্ছে।

গত বছরের অক্টোবরে মিয়ানমারের একটি সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলা হয়। এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করে এবং এ সময় বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ, ধর্ষণ ও নির্যাতনের ব্যাপক অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের অনেকেই শরণার্থীতে পরিণত হয় এবং বাংলাদেশে ঢুকে পড়ে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্যরা তাঁদের প্রাথমিক তদন্তে ওই নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমার সরকার রাখাইন রাজ্য বিষয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করে। সেই কমিটির প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান দেশটি সফর করেন। তাদের তরফে একটি প্রতিবেদনে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে জোরালো আন্তর্জাতিক চাপ না থাকলে রাখাইন রাজ্যে নিপীড়ন-হত্যা-ধর্ষণ বন্ধ ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কাজটি সহজ হবে বলে মনে হয় না। অভিযোগ রয়েছে, মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণেই বৃহৎ রাষ্ট্রগুলো সমস্যাটিকে খাটো করে দেখছে। চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কও নিবিড়। বাংলাদেশের উচিত, আন্তর্জাতিক মিত্রদের কাছে এ বিষয়ে জোরালো পদক্ষেপের জন্য দাবি জানানো।