জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যেসব শঙ্কা–উদ্বেগ কাজ করছে, জাতিসংঘের আটজন স্পেশাল র‍্যাপোর্টিয়ার বা মানবাধিকার বিশেষজ্ঞের এক যৌথ বিবৃতিতেও তার প্রতিধ্বনি শোনা গেল। তাঁরা গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে যে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে, বিরোধী রাজনীতিক ও ভিন্নমত প্রকাশকারীরা নিরাপত্তা বাহিনীগুলোর হাতে গ্রেপ্তার ও ভীতি প্রদর্শনের সম্মুখীন হচ্ছেন। বিরোধী দলগুলোর সদস্য ও সমর্থকেরা গ্রেপ্তার, হত্যা ও গুমের শিকার হয়েছেন। কিছু কিছু ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থকেরা জড়িত। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞরা এসব বিষয় জানতে পেরেছেন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরাদি থেকে।

অর্থাৎ বাংলাদেশের জনসাধারণ সংবাদমাধ্যমের কল্যাণে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যেসব খবরাখবর পাচ্ছে, সেগুলোর সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিবেশে যে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, পক্ষপাতহীন ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কঠিন হতে পারে—এই শঙ্কা দেশের ভেতরে ও বাইরে একই ভাবে বিদ্যমান। জাতিসংঘের আট মানবাধিকার বিশেষজ্ঞ যেদিন তাঁদের যৌথ বিবৃতি প্রকাশ করেন, সেদিনই জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিখ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ দেশ–বিদেশের সংবাদমাধ্যম ছাড়াও জাতিসংঘ তার নিজস্ব পন্থায় বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে।

আমাদের নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহলের এই সজাগ দৃষ্টিপাতকে বিশেষ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া উচিত। আমাদের সরকার, নির্বাচন কমিশন, বিশেষত ক্ষমতাসীন রাজনৈতিক দলের এই মর্মে সতর্ক হওয়া উচিত যে আন্তর্জাতিক মহলের দৃষ্টি, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এড়িয়ে একাদশ জাতীয় সংসদের সর্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে না। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় যে সাধারণ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সংসদ নির্বাচিত হবে, সেই নির্বাচনটি কতটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৎ পন্থায় অনুষ্ঠিত হচ্ছে, তার ওপরই নির্ভর করবে আন্তর্জাতিক মহলের কাছে তার গ্রহণযোগ্যতার মাত্রা।

নির্বাচনী প্রচারণার চলমান পর্বে বিরোধী দলের প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনাগুলো সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের যৌথ বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ওপর হামলার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ওই ঘটনাটি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ সম্পর্কে একটি নেতিবাচক বার্তা বয়ে নিয়ে গেছে। এটা ক্ষমতাসীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের ভাবমূর্তির পক্ষে ভালো নয়।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘অস্থির’ বলে বর্ণনা করে সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আমরাও ক্রমাগত বলে চলেছি, নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাঁদের নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালানোর অধিকার সুরক্ষা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো অপরিহার্য কর্তব্য। বিরোধী দলগুলোর প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে—দেশের ভেতরে এসব ঘটনার যেমন নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া তা থেকে ভিন্ন রকমের হচ্ছে না। সুতরাং এই মুহূর্তে নির্বাচন কমিশনকে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যা নিয়ে নির্বাচন কমিশনকে কখনো কিছু বলতে শোনা যায়নি। তাঁরা সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অতি প্রয়োজনীয় জনবিতর্কের উপযোগী পরিবেশও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে নাগরিকদের স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের উপযোগী পরিবেশকেও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বলে তাঁরা মনে করছেন। নির্বাচন কমিশনের উচিত এদিকেও দৃষ্টি দেওয়া।