জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ ছিলেন সেই যুগের মানুষ, যখন মনীষা ও রাজনৈতিক আদর্শবাদ একসঙ্গে মিশেছিল। তিনি একদিকে ছিলেন গভীর ইতিহাসবোধসম্পন্ন একজন মনীষী, অন্যদিকে শোষণমুক্ত ও সমতাপূর্ণ একটি মানবসমাজের স্বপ্নদ্রষ্টা। ইতিহাস-সংস্কৃতির চর্চায় তাঁর অবদানের পাশাপাশি অক্ষয় হয়ে থাকবে তাঁর রাজনৈতিক আদর্শবাদের উত্তরাধিকার। বিশুদ্ধ মানবতাবাদী, অসাম্প্রদায়িক, গণতন্ত্রী ও সমন্বয়কামী এই মানুষটির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
গত শতকের কুড়ির দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রবল আন্দোলনের সময় তাঁর জন্ম হয়েছিল ফরিদপুরে। ত্রিশ দশকের শেষ পর্যায়ে কলকাতায় ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন বাম ধারার রাজনীতির সঙ্গে। সেই যুগে বিদ্যার্জনের পাশাপাশি মানুষের শোষণ-বঞ্চনা ও বৈষম্য অবসানের স্বপ্ন যাঁরা দেখেছেন, তিনি ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। গভীর অধ্যবসায়ের সঙ্গে বিদ্যার্জন করেছেন, একই সঙ্গে কাজ করেছেন কলকাতার খিদিরপুর বন্দরের শ্রমিক-কর্মচারী এবং ডাক ও টেলিগ্রাফ শ্রমিকদের সঙ্গে।
চলে গেলেন ইতিহাসের সত্যানুসন্ধানীকলকাতার প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি কিছু সময় শ্রমিক রাজনীতির পেছনে অতিবাহিত করেন। কিন্তু বিদ্যা ও জ্ঞানের প্রতি তাঁর আকর্ষণ কখনোই হ্রাস পায়নি। দেশভাগের পর ১৯৪৮ সালে ঢাকার জগন্নাথ কলেজে শিক্ষকতায় যোগদানের মধ্য দিয়ে তাঁর প্রবেশ ঘটে শিক্ষাদান, ইতিহাস-গবেষণা ও পঠনপাঠনের ভুবনে। ‘জগন্নাথ কলেজ বাংলা সংস্কৃতি সংসদ’-এর সংগঠকদের একজন হিসেবে রাষ্ট্রভাষা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল ছাত্রদের অন্যতম প্রেরণাদাতার।
বাংলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে গভীর পড়াশোনা ও গবেষণায় নিয়োজিত থাকার পাশাপাশি দেশের চলমান রাজনীতির প্রতিও তিনি সব সময় সজাগ ছিলেন। তাঁর সামাজিক-রাজনৈতিক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন ধর্মসম্প্রদায়ের মানুষের মধ্যে মিলন ও সমন্বয়ের স্বপ্ন। প্রকৃতই অসাম্প্রদায়িক এ মানুষটির চেতনার গভীরে ছিল বাঙালির সমন্বয়বাদী সংস্কৃতি ও ঐতিহ্য। তাঁর ভাবনার এই উত্তরাধিকার আমাদের জন্য বিশেষভাবে মূল্যবান।