জাতীয় নিরাপদ সড়ক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছর আগেই জাতীয় নিরাপদ সড়ক কাউন্সিল প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা এবং তাতে প্রধানমন্ত্রীর সম্মতি সত্ত্বেও বিষয়টি ঝুলে থাকা দুর্ভাগ্যজনক। ইলিয়াস কাঞ্চন জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন ১৯৯৩ সাল থেকে। জনস্বার্থে একজন নাগরিকের এই আন্দোলন প্রশংসার দাবি রাখে। ওই তারিখটির সঙ্গে তাঁর ব্যক্তিগত আবেগ জড়িত থাকলেও ব্যক্তিগত সুবিধা আদায়ে তিনি এই আন্দোলন করেননি, সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে জনমত সৃষ্টি করাই তাঁর আন্দোলনের উদ্দেশ্য। বাংলাদেশে অনেক দিবসই পালিত হয়। সে ক্ষেত্রে নিরাপদ সড়কের দাবিতে একটি দিবস পালন না করার কী যুক্তি থাকতে পারে?সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত ইলিয়াস কাঞ্চন উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। গত রোববার হাইকোর্ট প্রতিবছর ২২ ডিসেম্বর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে সরকারের নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে রুল জারি করেছেন। আদালতের রুল জারি আবেদনের যৌক্তিকতাই প্রমাণ করে। তা ছাড়া, একাধিক সরকারি প্রতিষ্ঠান ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার নীতিগত সিদ্ধান্তের পর যোগাযোগ মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা পিছিয়ে যাচ্ছেন কেন? যেখানে তাঁদের জনমত জরিপেও এই দিবসটির পক্ষে সর্বোচ্চ ভোট পড়েছে। আদালতের রুলের জবাব দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই সঙ্গে ২২ অক্টোবর সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সিদ্ধান্তটি যাতে অবিলম্বে কার্যকর হয়, সে ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে আশা করি।তবে এ কথাও ঠিক, সরকারিভাবে কোনো তারিখকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করলেই সড়ক নিরাপদ হয়ে যাবে না। এ ক্ষেত্রে সড়ক যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। যেসব কারণে দুর্ঘটনা ঘটে, সেগুলো দূর করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেই কেবল দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে এবং মানুষকে এভাবে বেঘোরে প্রাণ হারাতে হবে না।