জাতীয় পরিচয়পত্র নবায়ন বা সংশোধন করতে নির্ধারিত ফি দেওয়ার বিধান চালু হয়েছে। জাতীয় পরিচয়পত্র দেওয়া, তথ্য সংরক্ষণ ও তা নিয়মিত হালনাগাদ করার কাজটি কর্মযজ্ঞ হিসেবে যথেষ্ট বড়। পরিচয়পত্র নবায়ন, সংশোধন বা হারিয়ে গেলে নতুন পরিচয়পত্রের জন্য ফির বিধান পরিচয়পত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হতে পারে। তবে কতটা সহজে ও ভোগান্তিহীনভাবে নাগরিকদের এই সুবিধা দেওয়া যাবে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নবায়ন, সংশোধনে আজ থেকে ফি দিতে হবেজাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের সংশোধিত বিধি অনুযায়ী পরিচয়পত্রের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে। যেমন নবায়ন করতে ১০০ টাকা এবং জরুরি ভিত্তিতে তা চাইলে ১৫০ টাকা দিতে হবে। তা ছাড়া, হারালে বা নষ্ট হলে প্রথমবার দিতে হবে ২০০ টাকা এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে তা হবে ৩০০ টাকা ও পরে প্রতিবারের জন্য ৫০০ টাকা করে দিতে হবে। যে বিবেচনা থেকে এবং বিভিন্ন ক্ষেত্রে ফির যে ধরনের হার নির্ধারণ করা হয়েছে, তাকে আমরা যৌক্তিক বলে মনে করছি। কারণ, এ ধরনের ফি পরিচয়পত্রটি যথাযথভাবে সংরক্ষণ ও এ ব্যাপারে একজন নাগরিককে দায়িত্বশীল করে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করবে।
এত দিন বিনা মূল্যে জাতীয় পরিচয়পত্র সংশোধন, নবায়ন বা নতুন পরিচয়পত্র নেওয়া যেত ঠিকই কিন্তু এ জন্য নাগরিকদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হতো। এখন নাগরিকদের যেহেতু ফি দিয়ে তা নিতে হবে, তাই এই প্রক্রিয়া সহজ ও নাগরিকবান্ধব হবে, সেটাই প্রত্যাশিত। বিধিতে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়ার বিধান থাকলেও মোবাইল কোম্পানির সঙ্গে সমঝোতা না হওয়ায় মোবাইল ব্যাংকিংয়ের বিষয়টি কমিশন অনুমোদন করেনি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া গেলে নাগরিকদের জন্য কাজটি সহজ হতো, তাতে সন্দেহ নেই। আমরা আশা করব, নির্বাচন কমিশন এই সমস্যা দূর করার ব্যাপারে সচেষ্ট হবে।