নবগঠিত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন ২০ ডিসেম্বর। নির্বাচন নিয়ে রংপুরবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষণীয়। রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে বিভিন্ন হিসাব-নিকাশ। আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এরশাদের জাতীয় পার্টির একের পর এক আকস্মিক সিদ্ধান্ত ও সিদ্ধান্ত পরিবর্তনের রাজনীতি।জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া না-দেওয়া নিয়ে হয়েছে চমকপ্রদ নাটক। সিটি করপোরেশন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মেয়র আবদুর রউফ মানিক এবং জেলা জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব ও রংপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শুরুতে ঘোষণা দেন যে তিনি কাউকেই মনোনয়ন দেননি, তবে যিনি জয়লাভ করবেন তাঁকেই তিনি বরণ করে নেবেন। কিছুদিন পরে, আকস্মিকভাবে মসিউর রহমানকে দলীয় প্রতিনিধি হিসেবে রসিক মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দেন এরশাদ। এই ঘোষণায় জাতীয় পার্টির অন্য দুই প্রার্থী ক্ষুব্ধ হন। তাঁরা প্রায় হাজার খানেক কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূল জাতীয় পার্টি নামে নতুন দল করার ঘোষণা দেন। নতুন এই দলেরও চেয়ারম্যান হিসেবে এরশাদেরই নাম বহাল রাখা হয়। এরপর এরশাদ সম্ভবত অনেক ভাবনা-চিন্তা করেছেন। তিনি ভেবেছেন যে যদি তাঁর মনোনীত প্রার্থী কোনো কারণে নির্বাচিত না হন, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত তো বটেই, পার্টিরই পরাজয় হিসেবে বিবেচিত হবে। সে কারণে তিনি তিন প্রার্থীকে ঢাকায় ডেকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। সমঝোতা করতে ব্যর্থ হওয়ায়, দলের মধ্যে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারায়, প্রার্থিতা প্রত্যাহারের একবারে শেষ দিনে রসিক নির্বাচনে মনোনয়ন দেওয়া প্রার্থী মসিউর রহমানকে তিনি প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে চেয়ারম্যানের সিদ্ধান্ত না মানায় আবদুর রউফ ও মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এতে করে এরশাদের কতটা লাভ হলো? কতটা লাভ হলো জাতীয় পার্টির? নব্বইয়ের আন্দোলনের মাধ্যমে এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটেছিল। কিন্তু রংপুরের জনগণের কাছে এরশাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। রংপুরের জনগণের এই অকুণ্ঠ ভালোবাসাকে পুঁজি করেই পরিবর্তিত পরিস্থিতিতেও শক্তিশালী হয়ে উঠতে পেরেছিল জাতীয় পার্টি। এখন রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী না থাকায় জাতীয় পার্টি তথা এরশাদ-ভক্তরা এখন কোন দিকে যাবেন? এই পরিস্থিতি জাতীয় পার্টির সক্রিয় কর্মীদের পক্ষেও মেনে নেওয়া কঠিন। জাতীয় পার্টির সমর্থকদের জন্য এটা হতাশাব্যঞ্জক। রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ঘটে যাওয়া এ ঘটনাগুলোর মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতাদের অন্তর্দ্বন্দ্ব ও পার্টির কাঠামোগত দুর্বলতা জনগণের সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করি। যেহেতু রংপুরকে জাতীয় পার্টির দুর্গ বলা হয়ে থাকে, সুতরাং পার্টির দুর্গে এটি একটি বড় আঘাত বলেই মনে হচ্ছে। এ প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনে মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টির গুরুত্ব কমে যেতে পারে। রসিক নির্বাচনে জাতীয় পার্টি শুরুতেই যদি দলীয় নেতাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থী ঠিক করে দিতে পারত, তাহলে হয়তো এ অবস্থার সৃষ্টি হতো না।রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে লড়ছেন ১২ জন প্রার্থী। আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেওয়া না হলেও দলের তিনজন প্রার্থী—মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরফুদ্দীন আহমেদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী মেয়র পদ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছেন। এখন আওয়ামী লীগের সমর্থক ভোটাররাও ভোটদানের যোগ-বিয়োগ কষতে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে থাকবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ভোটারদের প্রভাবিত করতে পারে। অন্যদিকে বিএনপিও কাউকে মনোনয়ন দেয়নি। কিন্তু মেয়র পদপ্রার্থী কাওসার জামান বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। যেহেতু বিএনপি বা বিএনপির সমমনা দলগুলোর কারোরই কোনো প্রার্থী নেই, সুতরাং বিএনপি ঘরানার ভোটারদের নিরঙ্কুশ সমর্থন কাওসার জামান পেতেই পারেন। আরও যাঁরা মেয়র প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম, বাসদ-সিপিবি মনোনীত আবদুল কুদ্দুস, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের মো. ফারুক আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা, স্বতন্ত্র আলী হায়দার সরকার ও মেহেদী হাসান। রংপুরে জাতীয় পার্টির সমসাময়িক দুর্বলতার সুযোগ নিয়ে এই প্রার্থীরা যদি রংপুরের জনগণের সামনে নতুন সিটি করপোরেশন পরিচালনার কার্যকর কোনো রূপরেখা উপহার দিতে পারতেন, তাহলে রংপুর নগরের ভোটারদের মধ্যে এর প্রভাব তৈরি করা সম্ভব হতো। সামনের আড়াই সপ্তাহে তাঁরা কতটা জনগণের হূদয় জয় করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। এই নির্বাচনে যদি আওয়ামী লীগের কেউ নির্বাচিত হন, তাহলে তিনি নতুন সিটি করপোরেশনের উন্নয়নে সরকারের সমর্থন নিশ্চয়ই পাবেন। বিএনপিও অবশ্যই খুশি হবে তাদের সমর্থক প্রার্থী নির্বাচিত হলে। কিন্তু জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থী না থাকার কারণে জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত কেউ মেয়র নির্বাচিত হলেও জাতীয় পার্টির উল্লাস করার কিছু থাকবে না; নির্বাচিত না হলেও এরশাদের দুঃখ প্রকাশ করার কোনো যুক্তি থাকবে না। তাহলে ধারণা করা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির শক্ত দুর্গ বলে পরিচিত রংপুর সিটি করপোরেশনে তাদের নেতৃত্ব থাকবে না; যা জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান দুর্বল করে তুলবে।শান্ত নূরুননবী: উন্নয়নকর্মী।[email protected] তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।[email protected]