পুষ্টিনীতির খসড়া তৈরির কাজ শেষ হয়েছে বলে আমরা প্রথম আলোর প্রতিবেদন সূত্রে জানতে পেরেছি। এই খসড়া এখন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে মতামতের জন্য। তাঁরা নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ মতামত দেবেন এবং একটি কার্যকর পুষ্টিনীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করবেন। পুষ্টিনীতি প্রণয়ন-প্রক্রিয়ার এই ধাপে সামগ্রিকভাবে দেশের পুষ্টি পরিস্থিতির কিছু দিক তুলে ধরা জরুরি মনে করছি।সরকার যে পুষ্টিনীতি প্রণয়ন করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং মানুষের, বিশেষ করে শিশু ও নারীর পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটানো। সরকার যদি সত্যিই তা চায়, তবে শুধু নীতি প্রণয়ন নয়, পুষ্টি বিষয়টিকে দেশের স্বাস্থ্যসেবার মূলধারায় নিয়ে আসতে হবে। বাস্তবতা হচ্ছে, দেশে বর্তমানে মাঠপর্যায়ে কার্যত কোনো পুষ্টি কার্যক্রম নেই। সরকারের কার্যক্রম বর্তমানে কিছু প্রশিক্ষণে ঠেকে আছে। আর সেটা নিয়েও রয়েছে অনিয়মের নানা অভিযোগ।খসড়া পুষ্টিনীতিতে দেশের সব মানুষের জন্য বছরজুড়ে পর্যাপ্ত ও পুষ্টিমানসমৃদ্ধ খাবারের নিশ্চয়তা থাকার কথা বলা হয়েছে। নিরাপদ খাদ্যের বিষয়টি নিশ্চিত করতে যথাযথ আইন প্রণয়ন এবং প্রয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। ফলে পুষ্টিসংক্রান্ত বিষয়টিকে দেখতে হবে সামগ্রিক দৃষ্টিতে। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। আবার শুধু এই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সব মানুষের বছরজুড়ে মানসম্মত পুষ্টি নিশ্চিত করা যাবে না। সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সঙ্গে নিয়েই কর্মপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন করতে হবে।খসড়া জাতীয় পুষ্টিনীতি, ২০১৩ এখন নির্দিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ পর্যালোচনা করে দেখবেন। কিন্তু এটাই যেন চূড়ান্ত কিছু না হয়। বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে যে চূড়ান্ত খসড়া তৈরি হবে, তার ওপর বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা মনে করি, পুষ্টিসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করেন—এমন বিশেষজ্ঞদের মতামতের জন্য খসড়াটি একটি সময় পর্যন্ত উন্মুক্ত রাখা উচিত। একটি টেকসই পুষ্টিনীতি প্রণয়ন করতে হলে এর বিকল্প নেই।