জাতীয় প্রস্তুতি সন্তোষজনক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সকালের ভূমিকম্প কোনো ক্ষয়ক্ষতি না ঘটালেও জনমনে যথেষ্ট ভীতি ও আতঙ্ক ছড়িয়েছে। ভীতির মাত্রাটা এতই বেশি ছিল যে ভবন বা স্থাপনা ধসে নয়, স্রেফ আতঙ্কের কারণেই ছয়জনের মৃত্যু ঘটেছে। বোঝা যায় ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা এখনো নগণ্য পর্যায়ে রয়েছে।
ভূমিকম্প এমনই এক প্রাকৃতিক দুর্যোগ যে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ জানিয়ে যেমন ভবিষ্যদ্বাণী করা যায় না, তেমনি এটা ঠেকানোরও উপায় নেই। সতর্কতা বা প্রস্তুতি বলতে যা বোঝায়, তা হচ্ছে ক্ষয়ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য দরকারি উদ্যোগ নেওয়া। এ অঞ্চলের ভূতাত্ত্বিক অবস্থা বিচার-বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞই সামনে বড় ভূমিকম্পের আশঙ্কার কথা বলেছেন। আগাম সব ধরনের প্রস্তুতি আমাদের থাকা দরকার।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার সবচেয়ে কার্যকর পথ হচ্ছে ভূমিকম্পসহনীয় ভবন ও স্থাপনা নির্মাণ। এ ব্যাপারে আমাদের গাফিলতির বিষয়টি স্পষ্ট। ১৯৯৩ সালে প্রণয়ন করা জাতীয় নির্মাণ বিধিমালা আইনে পরিণত হয়েছে ২০০৬ সালে। এর চেয়েও উদ্বেগের কথা হচ্ছে যে এই বিধিমালা মেনে চলার বিষয়টি যথাযথভাবে কার্যকর হচ্ছে না। এ জন্য দরকারি এমন কোনো একক ও কার্যকর কর্তৃপক্ষ এখনো গঠিত হয়নি, যারা আইন মেনে চলতে সবাইকে বাধ্য ও বিষয়টির তদারকি করবে। বলা হয়, ঢাকায় অনেক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, কিন্তু এর সংখ্যা কত বা এ ধরনের ভবন নিয়ে কী করা হবে, তা দেখারও কেউ নেই।
সোমবার সকালের ভূমিকম্পের ঘটনার পর আমরা আবার নিশ্চিত হলাম যে ভূমিকম্প–বিষয়ক সতর্কতা ও করণীয় সম্পর্কে জাতীয় প্রস্তুতি সন্তোষজনক নয়। সামনে ভূমিকম্পের আশঙ্কাকে মাথায় রেখে এখনই যা করণীয়, তা হচ্ছে ভূমিকম্পের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। সেটা করতে না পারলে কম মাত্রার ভূমিকম্পেও আতঙ্কের মৃত্যু ঠেকানো যাবে না।
অন্য জরুরি কাজটি হচ্ছে বিল্ডিং কোড ও ইমারত আইনের প্রয়োগ কঠোরভাবে কার্যকর করা এবং এ জন্য অবিলম্বে প্রয়োজনীয় কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া।