বিচারব্যবস্থায় মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে প্রধান বিচারপতি এস কে সিনহা বিচারকদের জবাবদিহি ও আত্মজিজ্ঞাসার বিষয়টি যেভাবে প্রকাশ্যে এনেছেন, তা ইতিহাসে বিরল। আমরা বিচার বিভাগের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। নাগরিকদের ন্যায়বিচার লাভে কোনো সীমাবদ্ধতাই অজুহাত হিসেবে গ্রহণযোগ্য নয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী যথার্থই পরিষ্কার করেছেন, বিদ্যমান নানাবিধ সমস্যার কারণে সুবিচার নিশ্চিত করতে না পারার বিচারিক অপারগতা গ্রহণযোগ্য হবে না। বিচারিক কাজ বিচারকদের পদমর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ করেই চালিয়ে নিতে হবে।
মাসদার হোসেন মামলার ১২ দফা নির্দেশনার সম্পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। আপিল বিভাগের একাধিক রায় অনুযায়ী বিচারকদের বদলি–পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক ১১৬ অনুচ্ছেদকে বাহাত্তরের সংবিধানের অবস্থানে ফিরিয়ে আনতে না পারার মতো বিষয় হয়তো আরও দীর্ঘদিন ঝুলে থাকবে। সহজে এর জট খুলবে না। কিন্তু তাকেই বড় করে দেখে জনগণের ন্যায়বিচারের বোধকে আরও অর্থপূর্ণ করতে না পারার যে বিচারিক অসামর্থ্য, তাকে মার্জনা করা যাবে না।
প্রায় ৩০ লাখ মামলার জট প্রধান বিচারপতি যাকে ‘দুরারোগ্য ব্যাধি’ বলেছেন, তা নিরসনে বিচারকেরাই মুখ্য ও কার্যকর ভূমিকা রাখবেন, সেটাই প্রত্যাশিত। আমরা মনে করি, প্রধান বিচারপতি অধস্তন আদালতের সর্বোচ্চ পদধারী জেলা জজদের অযথাযথ দায়িত্ব পালনের যে চিত্র সম্মেলনে তুলে ধরেছেন, সেটা পাল্টে দিতে হলে সব থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে হাইকোর্টকেই। সংবিধান নির্দিষ্টভাবে হাইকোর্টের প্রায় ১০০ বিচারপতির ওপরই তা ন্যস্ত করেছে। সংবিধানের ১০৯ অনুচ্ছেদ বলেছে, অধস্তন আদালতের বিচারকদের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও তদারকির ভার এককভাবে হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত থাকবে।
সংবিধানের প্রণেতারাও সাক্ষ্য দিচ্ছেন, এই তদারকির কাজ সংবিধান প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের দেননি, এটা নির্দিষ্টভাবে হাইকোর্টের বিচারপতিদের দিয়েছেন। কিন্তু জনমনে এই ধারণা প্রতীয়মান হচ্ছে না যে, হাইকোর্ট বিভাগ এ বিষয়ে তেমনভাবে কখনো উদ্যোগ এবং প্রতিকারমূলক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। ১১৬ অনুচ্ছেদে দায়িত্ব পালনে সরকারি মুখাপেক্ষিতা থাকলেও ১০৯ অনুচ্ছেদে দায়িত্ব পালনে হাইকোর্ট নিরঙ্কুশভাবে স্বাধীন।
আশা করব, বিচার বিভাগীয় কর্মকর্তারা তাঁদের প্রতি সমালোচনাকে গঠনমূলক হিসেবে নেবেন এবং ‘অপ্রয়োজনীয় সময়দানের’ মতো সংস্কৃতি বদলে মামলাজট নিরসনে সচেষ্ট হবেন। বিচার বিভাগীয় সম্মেলন ভবিষ্যতেও অব্যাহত থাকুক। রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গের জাতীয় সম্মেলনে মন্ত্রিসভার আমন্ত্রিত জ্যেষ্ঠদের অনুপস্থিতি ছিল পীড়াদায়ক। এটা আমাদের বিস্মিত ও ব্যথিত করেছে।