শিশু আইন, ২০০৩-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। দেশের প্রতি জেলায় শিশু আদালত স্থাপনের বিধান এতে থাকছে। এই আইনের বিশেষত্ব হচ্ছে, শিশুদের শাস্তির নামে কিংবা অন্য যেকোনোভাবে নিষ্ঠুরতার হাত থেকে বাঁচানো। অন্যদিকে ১৮ বছর বয়সের নিচের সবাইকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে এই আইনে। দুটি দিক থেকেই আইনটি ভালো উদ্যোগ হিসেবেই বিবেচিত হবে।১৯৭৪ সালের শিশু আইনে শিশুদের প্রতি করা অপরাধের সংজ্ঞা এবং প্রয়োগে অনেক ফাঁকফোকর ছিল। শিশুদের প্রতি করা অপরাধ শৈশবকে ক্ষতিগ্রস্ত করার অপরাধ। শিশুরাই যখন আগামীর নাগরিক, তখন শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করার ক্ষতি অপরিসীম। এ জন্য শিশু আইনকে যুগোপযোগী ও শিশুবান্ধব করার দরকার ছিল। বিশেষ করে, আইনে শাস্তি, শাসন বা কর্মসংস্থানের নামে শিশুদের প্রতি যে অমানবিকতা করা হয়, তার প্রতিকারের ব্যবস্থা হয়েছে। পরিবারে, বিদ্যালয়ে, প্রকাশ্য স্থানে এবং কাজের জায়গায় শিশুদের যত্ন ও অধিকারের যোগ্য মানুষ মনে করার ক্ষেত্রে আমাদের সমাজ এখনো পিছিয়ে আছে। শিশুদের স্পর্শকাতর মনকে আহত করে, এমন অনেক কিছুই তাদের সঙ্গে করা হয়। বিশেষত, দরিদ্র শিশুদের মধ্যে যারা বাধ্য হয়ে অর্থনৈতিক কাজকর্মে জড়িত হয়, তাদের অবস্থা ভয়াবহ। এসবের প্রতিকারে এই আইনের প্রয়োগ কাজে দেবে। কিন্তু দেখা যায়, আইনে যা-ই থাক, বাস্তবে তার প্রতিফলন ঘটে কম।বিভিন্ন অবস্থায় বা সঙ্গ দোষে শিশুদেরও অপরাধে জড়িত হতে দেখা যায়। তখন বিচার-প্রক্রিয়ায় তাদের সঙ্গে বয়স্ক মানুষের মতো আচরণ করা ঠিক নয়। আর জেলায় জেলায় কেবল আদালত হলেই হবে না, শিশুদের সমস্যা বুঝবে, তাদের অপরাধকে সহূদয়তার সঙ্গে দেখবে—এমন লোকবলও সেখানে থাকতে হবে।আজকের শিশুরা বিনোদনের নামে অসুস্থ টেলিভিশন সংস্কৃতিরও শিকার হয়। হিন্দি বা ইংরেজি ভাষার নিম্নমানের কার্টুন, রিয়েলিটি শোর কারণে শিশু মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব পড়ে। এসবের প্রতিকারের বিষয়টিও শিশু আইনে থাকা উচিত ছিল। পাশাপাশি দেশে বা বিদেশে বাংলাদেশি শিশুদের পাচার ও অনৈতিক কাজে ব্যবহারের বিরুদ্ধেও কার্যক্রম জোরদার করতে হবে।