আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশ হারিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে। ১৫ আগস্টের শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হারানোর ক্ষতি ছিল অপূরণীয়। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের ফলে জাতির অস্তিত্ব ও মননে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল, তা আমাদের নিয়ত তাড়িত করে। বিলম্বে হলেও ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে। কিন্তু খুনিদের মধ্যে পাঁচজনের ফাঁসির দণ্ড কার্যকর হলেও দণ্ডিত বাকি ছয় খুনি এখনো বিদেশে পলাতক। তাঁদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরীর কানাডায় থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি চার খুনি খন্দকার আবদুর রশীদ, শরীফুল হক ডালিম, আবদুল মাজেদ ও মোসলেহ উদ্দিনের অবস্থান সম্পর্কে নানা তথ্য থাকলেও নিশ্চিত কোনো তথ্য নেই।
খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়াস অব্যাহত রাখলেও তেমন অগ্রগতি নেই। প্রথমত পলাতক সব খুনির অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত হতে পারেনি। কানাডায় অবস্থানকারী নূর চৌধুরীকে ফেরত আনতে যে পরামর্শক নিয়োগ করা হয়েছে, তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোরও দায় আছে। মৃত্যুদণ্ডের বিধান নেই—এই অজুহাতে একজন খুনিকে লালন করা কতটুকু যৌক্তিক? রাশেদ চৌধুরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন ঘটেছে বলে খবর বেরিয়েছে, আমরা দেশটির প্রতি তঁাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি।
এবারের জাতীয় শোক দিবস এসেছে এমন এক সময়ে, যখন জঙ্গিবাদী হামলায় জনজীবনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাই এই দিনটিতে আমাদের অঙ্গীকার হোক গণতান্ত্রিক, সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, যেখানে ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতে পারবে। প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ সম্ভব।