জাতীয় শোক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে ওঠার প্রয়াস পাচ্ছিল, তখন সে প্রয়াস ভন্ডুল করে দিতে সংঘটিত হয় ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। তারপর বাংলাদেশ যেন সুস্থ ও স্বাভাবিক পথে সামনে এগিয়ে যাওয়ার দিশা হারিয়ে ফেলে, জাতীয় রাজনীতি হয়ে ওঠে ষড়যন্ত্রময়। খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার পরিবর্তে তাদের সুরক্ষার জন্য জারি করা হয় ইনডেমনিটি আইন। তাদের পুরস্কৃত করা হয় লোভনীয় ও লাভজনক চাকরি দিয়ে।

স্বস্তির বিষয়, অনেক দেরিতে হলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা গেছে। কিন্তু দণ্ডিত খুনিদের মধ্যে ফাঁসির দণ্ড কার্যকর করা সম্ভব হয়েছে পাঁচজনের, বাকি ছয়জন এখনো পলাতক। তাঁদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, নূর চৌধুরী কানাডায়, শরিফুল হক ডালিম স্পেন ও মোসলেম উদ্দিন জার্মানিতে বসবাস করছেন বলে নিশ্চিতভাবে জানা গেছে। কিন্তু পলাতক অন্য দুই দণ্ডিত খুনি খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে পলাতক সব দণ্ডিত আসামির দণ্ড কার্যকর করার জোরালো উদ্যোগ প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে সরকারি প্রচেষ্টার অগ্রগতি এখনো আশাব্যঞ্জক নয়। কানাডার সরকার সে দেশের আইনি বাধার কারণে নূর চৌধুরীকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে অপারগ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে সামান্য অগ্রগতি আছে বলে সম্প্রতি আইনমন্ত্রী জানিয়েছেন। স্পেন ও জার্মানি থেকে যথাক্রমে শরিফুল হক ডালিম ও মোসলেম উদ্দিনকে ফিরিয়ে আনার ব্যাপারেও যোগাযোগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে আমাদের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর স্বপ্নের কথা স্মরণ করা উচিত। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার পূরণে গোটা জাতিকে উদ্যোগী হতে হবে।