জাতীয় শোক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ আগস্ট। আমাদের জাতীয় জীবনের গভীর শোক ও বেদনার দিন। 

১৯৭৫ সালের এই দিনে আমরা হারাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে। সেনাবাহিনীর একদল বিপথগামী সেনাসদস্য তাঁকে সপরিবার হত্যা করে। সে সময়ে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাঁরা বেঁচে যান। পঁচাত্তরের ১৫ আগস্ট যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সবার প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। 

দেশি-বিদেশি বিভিন্ন সূত্রে যেসব তথ্য পাওয়া গেছে, তাতে এটি প্রমাণিত যে এই হত্যাকাণ্ড নিছক কয়েকজন জুনিয়র সেনা কর্মকর্তার তাৎক্ষণিক দুষ্কর্ম ছিল না। দীর্ঘদিন ধরে ঘাতক চক্র ও তাদের সহযোগীরা ষড়যন্ত্র চালিয়েছিল। তাদের আক্রোশ ছিল বাংলাদেশের স্বাধীনতা, এর মৌলনীতি ও আদর্শের প্রতি। ধর্মবাদী পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, তার লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা; যেখানে ধর্মবিশ্বাসের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হবে না। কিন্তু যারা পঁচাত্তরের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা বাংলাদেশকে ফের পাকিস্তানি ধারায় ফিরিয়ে আনতে চেয়েছিল।

ঘাতক চক্রের শাসনকাল স্থায়ী হয়নি। ৮৩ দিনের মাথায় খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা সেনা অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হয়। কিন্তু দেশত্যাগের আগে ঘাতক চক্র জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করে। পরবর্তীকালে জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার সরকার এই ঘাতক চক্রকে বিদেশে কূটনীতিকের চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করে। তথাকথিত ইনডেমনিটির নামে তারা আইন প্রণয়নের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথও রুদ্ধ করেছিল, যা এ দেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। এরা হলেন লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ (আর্টিলারি) ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহম্মেদ (ল্যান্সার)।

কিন্তু কর্নেল খন্দকার আবদুর রশিদ, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, লে. কর্নেল এস এইচ নূর চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মাজেদ বিদেশে পলাতক থাকায় তাঁদের দণ্ড এখনো কার্যকর করা সম্ভব হয়নি। সে ক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ শেষ হলেও রায় পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সরকারের নীতিনির্ধারকেরা বিদেশে পলাতক ঘাতকদের ফিরিয়ে আনা হবে বলে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের হয়তো চেষ্টাও আছে। কিন্তু গত ১৯ বছরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং শরিফুল হক ডালিম ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। খুনিদের ফিরিয়ে আনতে না পারার ক্ষেত্রে আমাদের কূটনৈতিক ব্যর্থতা আছে কি না, তা–ও খতিয়ে দেখা দরকার।

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে আজ আমাদের আত্মজিজ্ঞাসা প্রয়োজন: তিনি যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন এবং গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল বৈষম্যের অবসান ও শোষণমুক্তি। শুধু আনুষ্ঠানিকতার বৃত্তে বন্দী না থেকে আমাদের চিন্তা ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ এবং তা বাস্তবায়ন করাই হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার। সে লক্ষ্যেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।