জাতীয় শোক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। স্বাধীনতা যদি আমাদের মহত্তম অর্জন হয়ে থাকে, সেই স্বাধীনতার পুরোধা পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড গভীরতম শোকাবহ ঘটনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য তাঁকে সপরিবার হত্যা করে। সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাঁরা বেঁচে যান। পঁচাত্তরের ১৫ আগস্ট যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সবার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

সাম্প্রদায়িক, স্বৈরতান্ত্রিক ও শোষণবাদী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, তার লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু যারা ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা বাংলাদেশকে ফের পাকিস্তানি ধারায় ফিরিয়ে আনতে চেয়েছিল। জাতির সৌভাগ্য যে ঘাতক চক্রের শাসনকাল স্থায়ী হয়নি। ৮৩ দিনের মাথায় খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা সেনা অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হয়। কিন্তু দেশত্যাগের আগে ঘাতক চক্র জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করে। পরবর্তীকালে জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার সরকার এই ঘাতক চক্রকে বিদেশে কূটনীতিকের চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করে। তথাকথিত ইনডেমনিটি আইন প্রণয়নের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথও রুদ্ধ করেছিল, যা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে বঙ্গবন্ধু হত্যার বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। তাঁরা হলেন লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)। দীর্ঘদিন পর জানা যায়, বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি আবদুল মাজেদ ভারতের কলকাতায় পালিয়ে ছিলেন। সেখান থেকে ফিরিয়ে এনে গত ১০ এপ্রিল তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনো পাঁচ আসামি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, মোসলেম উদ্দিন ও এস এইচ নূর চৌধুরী বিদেশে পলাতক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রয়াস আছে। তাঁদের মধ্যে নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। অন্যদের অবস্থান নিশ্চিত নয়। এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা জোরদার করা প্রয়োজন। ইতিমধ্যে ১০ বছর চলে গেছে।

চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপিত হচ্ছে। এ কারণে এবারের জাতীয় শোক দিবসটি অধিক তাৎপর্যপূর্ণ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বছরব্যাপী ব্যাপক আয়োজনের প্রস্তুতি ছিল। কিন্তু করোনা সংকটের কারণে সেসব আয়োজনের অনেক কিছুই বাদ দিতে হয়েছে।

নিছক আনুষ্ঠানিকতা নয়, যে মহান নেতা দীর্ঘ সংগ্রাম করে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, তাঁর চিন্তা, কর্ম, ত্যাগ ও সংগ্রামের চেতনা যদি আমরা হৃদয়ে ধারণ করি, সেটাই হবে সত্যিকার শ্রদ্ধা নিবেদন। ১৫ আগস্ট একই সঙ্গে আত্মজিজ্ঞাসারও দিন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তিনি যে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সেই প্রশ্নও করতে হবে। বাংলাদেশ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও বৈষম্যের অবসান।

রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করাই হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার।