কোভিড–১৯ মহামারির ফলে দেশজুড়ে চলমান অবরুদ্ধ দশায় বিপুলসংখ্যক দরিদ্র মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে, তা থেকে তাদের উদ্ধার করার সরকারি-বেসরকারি সব পর্যায়ের উদ্যোগ এখনো বেশ সীমিত। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়েছে, তবু ত্রাণ পাচ্ছেন না এমন দরিদ্র মানুষের অভিযোগ শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে সরকারের কাছেই জনগণের দাবি ও প্রত্যাশা বেশি। তবু মহামারির মতো বড় জাতীয় দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগও অসহায় মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখতে পারে।
তেমনই এক ব্যক্তিগত উদ্যোগের খবর এসেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে। শাপলা দেবী ত্রিপুরা নামের এক নারী সেখানকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি এ পর্যন্ত খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, রামগড়, মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদগুলোর পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। শুধু তাই নয়, ত্রাণ বিতরণের সঙ্গে সঙ্গেই তিনি সেসব এলাকার মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন।
শাপলা দেবী ত্রিপুরা শুধু যে এই করোনা সংকটের কালেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নয়। যেকোনো দুর্যোগেই তিনি তাঁদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর স্বামী একজন প্রকৌশলী, ছেলে পড়াশোনা শেষ করেছেন। তাঁরা তাঁকে উৎসাহ দেন, সহযোগিতা করেন। আর কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিও তাঁকে এসব মহৎ উদ্যোগে সহযোগিতা করেন। এখন যে তিনি ত্রাণ বিতরণের কাজে নেমেছেন, এতেও নিজের পরিবারসহ অনেক মানুষের সহযোগিতা পাচ্ছেন।
শাপলা দেবী ত্রিপুরা এবং তাঁর সহযোগী-শুভানুধ্যায়ীদের মিলিত তৎপরতায় সংকটাপন্ন মানুষের দুর্ভোগ লাঘবের এই প্রয়াসকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। সামাজিক সংহতি ও সহমর্মিতার বোধের জাগরণ এ রকম সংকটের মুহূর্তগুলোতেই সবচেয়ে বেশি প্রয়োজন। দরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী চুরির বিপরীতে মহানুভবতার এই দৃষ্টান্ত ভীষণ আশাব্যঞ্জক। দেশের প্রতিটি জেলায় ছোট ছোট পরিসরে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ সরকারি তৎপরতার পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেসব হৃদয়বান ব্যক্তি এ ধরনের মহৎ উদ্যোগ নিচ্ছেন ও নেবেন, সামর্থ্যবান প্রতিবেশীদের উচিত, তাঁদের সহযোগিতা করা। তরুণ সমাজ, যারা সব সময়ই বিপন্ন মানুষের প্রতি সংবেদনশীল, তারা শাপলা দেবী ত্রিপুরার মতো উদ্যমী মানুষের পাশে দাঁড়ালে সংকটকালে অনেক মানুষের দুঃখ–কষ্ট লাঘব হতে পারে।