জাতীয় সঞ্চয়পত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

সরকার চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তার প্রায় পুরোটা প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) অর্জিত হয়েছে। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার কোটি টাকা, পাঁচ মাসে সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৪৪ কোটি টাকা। করোনাকালে সঞ্চয়পত্র বিক্রি বাড়ার একটি কারণ বিনিয়োগের সুযোগ কমে যাওয়া। বিশেষ করে ছোট পুঁজির ব্যবসা-বাণিজ্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই ধারা বজায় থাকলে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ চলতি অর্থবছরে ৫০ হাজার কোটি টাকায় পৌঁছাবে।

সঞ্চয়পত্র বেচাকেনায় আগে বিধিনিষেধ থাকলেও মানা হতো না। ব্যবসায়ী থেকে শুরু করে মন্ত্রী, সাংসদ, সরকারি কর্মকর্তারা নামে–বেনামে যথেচ্ছ পরিমাণ সঞ্চয়পত্র কিনতেন অধিক মুনাফার আশায়। এতে সঞ্চয়পত্র বিক্রির মূল যে লক্ষ্য, খুদে বিনিয়োগকারীদের আর্থিক সুরক্ষা দেওয়া, তা ব্যাহত হতো। এরপর সরকার নির্দিষ্ট করে দেয়, একজন সর্বোচ্চ ৫০ লাখ অথবা যৌথ নামে ১ কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অবশ্য পেনশনধারীরা একক নামে ৫০ লাখের পাশাপাশি যৌথ নামে কিনতে পারেন আরও ১ কোটি, অর্থাৎ মোট দেড় কোটি টাকার সঞ্চয়পত্র।

প্রথম আলোর খবর অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ৫ হাজার ৮৪২ কোটি টাকার। চলতি অর্থবছরের একই সময়ে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে পাঁচ মাসে বিক্রি বেড়েছে ১৩ হাজার ২০২ কোটি টাকা। ২০১৯ সালের ১ জুলাই অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি চালু হয় এবং সঞ্চয়পত্র কেনার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক করা হয়। এতে গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি কমে গেলেও চলতি বছর ফের বেড়েছে।

সঞ্চয়পত্রের বিক্রি বাড়ায় নিঃসন্দেহে খুদে বিনিয়োগকারীরা লাভবান হবেন। যেখানে ব্যাংকে ৩-৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়, সেখানে সঞ্চয়পত্রের সুদের হার ১১ শতাংশের ওপর। অন্যদিকে সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে, তা উন্নয়নকাজে ব্যয় করলে দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়, কর্মসংস্থান বাড়ে। এটি ইতিবাচক দিক। নেতিবাচক দিক হলো, সরকারের ঋণের পরিমাণ বেড়ে গেলে তাকে সুদও বেশি গুনতে হবে। সরকার নিজে তো আয় করে না। ফলে সেই সুদের বোঝা জনগণের কাঁধেই চাপবে। তবে অনুৎপাদনশীল খাতে অর্থ ব্যয় ও অপচয় কমিয়ে সরকার ঋণের পরিমাণ কিছুটা হলেও কমাতে পারে। অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে হবে। আদর্শ অবস্থা হলো বাজেটে আয়-ব্যয়ের সমান থাকা। সে ক্ষেত্রে সরকারকে সঞ্চয়পত্র, ব্যাংক খাত বা অন্য কোনো উৎস থেকে ঋণ নিতে হবে না।

যত দিন সেই আদর্শ অবস্থা অর্জিত না হয়, তত তিন পর্যন্ত সঞ্চয়পত্র প্রকল্প চালু রেখে খুদে সঞ্চয়কারীদের স্বার্থ রক্ষা করতে হবে। অনলাইনে সঞ্চয়পত্র বিক্রির আগে যাঁরা যথেচ্ছ পরিমাণ সঞ্চয়পত্র কিনেছেন, তাঁদের মেয়াদ শেষ হবে ২০২৩ সাল নাগাদ। এরপর যাতে রাঘববোয়ালেরা খুদে বিনিয়োগকারীদের প্রকল্পে হাত দিতে না পারেন, সে বিষয়ে সরকারের নজরদারি থাকতে হবে।