রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর থেকে শিব-পার্বতীর মূর্তি, একাধিক বিষ্ণুমূর্তি, সূর্যমূর্তি, বুদ্ধমূর্তি, বুদ্ধস্তূপ, দুর্লভ টেরাকোটা, কারুকার্যখচিত প্রাচীন ইট, ৩৩টি প্রাচীন ধাতব মুদ্রাসহ মোট ১৮৫টি প্রত্নবস্তু ও তিন হাজারের বেশি প্রাচীন প্রকাশনা খোয়া গেছে। এটি একটি বড় দুঃসংবাদ। কারণ, এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের অমূল্য জাতীয় সম্পদ, এগুলো হারানোর ক্ষতি আর কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়।
কিন্তু ‘খোয়া যাওয়া’ কিংবা ‘পাওয়া যাচ্ছে না’—এ ধরনের শব্দ ব্যবহারের মধ্য দিয়ে এই গুরুতর অপরাধমূলক ঘটনাটির গুরুত্ব খেলো করে দেখা হয়। এসব অমূল্য জাতীয় সম্পদ একটি জাদুঘরে সংরক্ষিত ছিল, নির্দিষ্ট স্থান থেকে কেউ সেগুলো সরিয়ে না ফেললে সেগুলো ‘গায়েব’ হয়ে যেতে পারে না। সুতরাং এই অপরাধ সংঘটিত হয়েছে মানুষের হাতেই এবং এর আইনি প্রতিকারের ব্যবস্থা অবশ্যই করা সম্ভব। তবে হারানো প্রত্নবস্তুগুলো পুনরুদ্ধারের উপায় থেকে থাকলে সেই চেষ্টা করা সবচেয়ে জরুরি।
বরেন্দ্র জাদুঘরের একজন পরিচালক আনুষ্ঠানিকভাবে সব প্রত্নসম্পদের হিসাব বুঝিয়ে না দিয়েই অন্যত্র চাকরিতে চলে গেছেন। এই খবর সত্য হলে কী করে তা ঘটতে পারল, সেটাই আগে তদন্ত করে দেখা প্রয়োজন। আর ওই পরিচালকের কাছ থেকে সব প্রত্নসম্পদের হিসাব বুঝে পাওয়ার আগে কী করে পরবর্তী পরিচালক দায়িত্ব বুঝে নিয়েছেন?
উল্লিখিত প্রত্নবস্তুগুলো হারানোর জন্য বরেন্দ্র জাদুঘরের সাবেক পরিচালক সাইফুদ্দিন চৌধুরী ও বর্তমান পরিচালক মো. জাকারিয়াকে দায়ী করা হয়েছে। কিন্তু তাঁদের দুজনের কাছ থেকে এক লাখ ১৯ হাজার টাকা আদায় ও মো. জাকারিয়াকে পরিচালকের পদ থেকে সরানোর যে সুপারিশ করেছে, তা নিতান্তই লঘু পদক্ষেপ। যেসব প্রত্নবস্তু জাদুঘর থেকে ‘খোয়া গেছে’, কোনো অর্থমূল্যেই সেগুলো কোথাও ক্রয়যোগ্য নয়। জাতির এই অমূল্য ক্ষতির জন্য যদি তাঁরাই দায়ী হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।