জান্নাতির আইনি সুরক্ষা নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর ঘটনার পর গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা জান্নাতি হোসেন ও তাঁর পরিবার অহেতুক হয়রানির শিকার বলে প্রতীয়মান হচ্ছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগও দণ্ডনীয়। কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আইনানুগ আচরণ করাই আইনের শাসনের দাবি।
গত ১১ জুলাই বন্ধু মোস্তামসিরকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন জান্নাতি হোসেন। মহাখালী ফ্লাইওভারের কাছে গাড়িটি দুর্ঘটনার শিকার হলে মোস্তামসিরের অকালমৃত্যু ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে জান্নাতির বিচারের বিষয়ে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু তাঁর বিষয়ে ৩১ বিশিষ্ট জনের দেওয়া বিবৃতির ভাষ্য থেকে প্রতীয়মান হয় যে অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের শিকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকারকর্মী ও নারীনেত্রীরা এক বিবৃতিতে দাবি করেছেন, ‘জান্নাতির বিরুদ্ধে কেবল বানোয়াট অভিযোগ আনা হয়েছে তাই নয়, তাঁর আইনি সুবিচার পাওয়ার পথও বাধাগ্রস্ত করা হয়েছে।’ বিশিষ্ট জনদের কাছে মনে হচ্ছে ওই দিন দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়াই যেন জান্নাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
এটা লক্ষণীয় যে জান্নাতি যে গাড়িটি চালাচ্ছিলেন, সেই গাড়িটি একটি পুলিশ পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। আর পুলিশ তার নিজের দায়ের করা মামলায় একে ‘দুর্ঘটনা’ হিসেবেই উল্লেখ করেছে। আর এই দুর্ঘটনার ১০ দিন পরে মোস্তামসিরের চাচা বাদী হয়ে জান্নাতি, তাঁর ছোট ভাই জুবায়ের (২১), জুনায়েদ (১৯) ও বাবা দেলোয়ার হোসেন ও জান্নাতির হবু বর রেমন সিদ্দিকীকে আসামি করে আদালতে একটি ‘হত্যা’ মামলা করেছেন। নিহত ব্যক্তির পরিবারের গভীর মর্মপীড়া আমরা উপলব্ধি করি। কিন্তু আমাদের প্রাথমিক অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে যে এই দুর্ঘটনার ন্যায়বিচার ত্বরান্বিত করার চেয়ে জান্নাতির পুরো পরিবারকে অযথা হয়রানি করার একটা পাঁয়তারা চলছে। আমরা আশা করব, এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারে প্রশাসন কারও দ্বারা প্রভাবিত হবে না।