জাপানি নাগরিক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যার চার দিনের মাথায় রংপুরের একটি গ্রামে একই কায়দায় জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত এসব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কিন্তু সিজার তাবেলা হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা চার দিনেও এ হত্যার কোনো কূলকিনারা করতে পারেননি। পদ্ধতিগতভাবে দুটি হত্যাকাণ্ডের মধ্যে স্পষ্ট মিল রয়েছে, উভয় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইন্টারনেটে বার্তা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু প্রকৃতপক্ষে এ দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, আইএসের নামে প্রকৃত হত্যাকারীরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে কি না—এগুলো গভীর অনুসন্ধানের বিষয়।
এবার জাপানি নাগরিক হত্যাপ্রথম হত্যাকাণ্ডটির পর ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে সতর্ক করেছিল। বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা কিছু বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশ সফর বাতিল করেছেন বলেও খবর পাওয়া গেছে। কুনিও হোশি হত্যার পর জাপানি দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করেছে। জাপানের জাতীয় গণমাধ্যমে এই হত্যাকাণ্ড ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এটা স্পষ্ট যে দুটি হত্যাকাণ্ডই আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির কারণ হতে পারে। এ মুহূর্তে সরকারের দায়িত্ব সব বিদেশি নাগরিকের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। সরকারকে লক্ষ রাখতে হবে, এ ধরনের আর একটি হত্যাকাণ্ডও যেন ঘটতে না পারে।
বিদেশি নাগরিকদের এসব খুনের ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা যেমন জরুরি, তেমনই জরুরি সারা দেশের সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত, যাতে কেউ মনে করতে না পারে যে দেশি-বিদেশিনির্বিশেষে মানুষ খুন করে পার পাওয়া সম্ভব।