জাপানের পরমাণু বিদ্যুৎ ও বৈশ্বিক উষ্ণায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ইয়োসিহিকো নোদা সরকার সম্প্রতি ঘোষণা করেছে, জাপান ২০৩০ সালের মধ্যে দেশের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দেবে। ২০১১ সালের ১১ মার্চ সংঘটিত জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে প্রবল ভূমিকম্প ও সুনামি থেকে সৃষ্ট দুর্ঘটনার পর থেকেই পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার দাবিতে সেখানে ক্রমাগত আবেগনির্ভর আন্দোলন, মিছিল চলছিল। ওই দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণহানি না ঘটলেও প্রায় এক লাখ ৬০ হাজার মানুষকে নিরাপত্তার প্রয়োজনে জরুরি ভিত্তিতে স্থানান্তর করতে হয়েছিল। পরমাণু বিদ্যুৎবিরোধী আন্দোলনকারীরা জাপানে ইতিমধ্যে গ্রিন পার্টি নামে রাজনৈতিক দলও গঠন করেছে।দুর্ঘটনার পরপরই জাপান সরকার সে দেশের ৫০টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তবে দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র শক্তিশালী ভূমিকম্প-সহনীয় হিসেবে প্রমাণিত হলে গত জুন মাসে সেগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে নিরাপত্তা-সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে অন্য কেন্দ্রগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে বলে বলা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নোদার সরকার আগামী নভেম্বরের সম্ভাব্য নির্বাচনের আগে জনপ্রিয় দাবির সপক্ষে দাঁড়ানোর কৌশলকে সমর্থন দিয়েছে। ফলে জাপান এখন অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি আমদানিনির্ভর অর্থনীতি বিকাশের এক ভিন্নধর্মী চ্যালেঞ্জের মুখে পড়ল। বিশ্বব্যাংকের ২০১০ সালের হিসাব অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী অর্থনীতির দেশ জাপানের বার্ষিক মাথাপ্রতি প্রাথমিক জ্বালানি ব্যবহারের পরিমাণ তিন হাজার ৮৮৩ কেজি ওয়েল ইক্যুইভ্যালেন্ট। (একই সূচকে বাংলাদেশে জ্বালানি ব্যবহারের পরিমাণ মাথাপ্রতি প্রায় ২০০ কেজি)। ফুকুশিমা দাইচি দুর্ঘটনার আগে জাপানের মোট উৎপাদিত বিদ্যুতের ৩১ শতাংশ আসত পারমাণবিক উৎস থেকে। পরিবর্তিত বাস্তবতায় জাপানের ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে জ্বালানি ব্যবহারের প্রয়োজন পূরণ করতে হবে জীবাশ্ম জ্বালানি, যেমন—কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস দিয়ে। এখন পর্যন্ত জাপানে সূর্যের আলো ও বাতাসের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ভরতা মাত্র ১ শতাংশ। জাপানের পরমাণু বিদ্যুৎবিরোধী আন্দোলনকারীরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার বাড়ানোর পক্ষে। জাপান ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। বাস্তবে এ লক্ষ্য অর্জন কতটুকু সম্ভব হবে, তা নিয়ে অতি আশাবাদীরাও নিশ্চিত নন।চাইলেই রাতারাতি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে জাপান পরমাণু বিদ্যুতের চাহিদা প্রতিস্থাপন করতে পারবে না। কারিগরি ও অর্থনৈতিক উভয় সীমাবদ্ধতার কারণেই তা সম্ভব নয়। অপর দিকে জাপানের বড় অর্থনীতির চাকা সচল রাখতে দেশটি পরমাণু বিদ্যুতের তৃতীয় বৃহত্তম ব্যবহারকারী হয়েও বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল ব্যবহারকারী দেশ হিসেবে স্বীকৃত। এখন পরমাণু বিদ্যুতের বিকল্প হিসেবে জাপানের জীবাশ্ম জ্বালানি ব্যবহার আরও বাড়বে। ফলে জাপান বর্ধিত হারে কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস আবহাওয়ামণ্ডলীতে উদিগরণ করবে। বিশ্বের প্রধান পাঁচটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশের একটি জাপান। পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট এজেন্সির ২০১২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ৪ শতাংশ দায় এককভাবে জাপানের।গত বছর বিশ্বের কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ৩ শতাংশ বেড়ে ৩৪ বিলিয়ন টনে উন্নীত হয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মানুষের কর্মকাণ্ডের ফলে ১৯৯২ সালের তুলনায় গত ২০ বছরে বিশ্বের কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ১০ শতাংশ বেড়ে ৩৫৬ পিপিএম থেকে ৩৯২ পিপিএমে উন্নীত হয়েছে (কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ৪৫০ পিপিএমে উন্নীত হলে গড় বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বিজ্ঞানীদের বড় অংশ মনে করে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির ঘর অতিক্রম করলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে। অনেক বিজ্ঞানী বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি বৃদ্ধিকেই বিপজ্জনক মনে করেন)। বায়ুমণ্ডলে বর্তমান হারে কার্বন ডাই-অক্সাইড সঞ্চয় অব্যাহতভাবে বাড়তে থাকলে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনে নির্ধারিত বিশ্বের উষ্ণায়ন ২ সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধিতে সীমিত রাখার উদ্যোগও ভন্ডুল হয়ে যাবে বলে আশঙ্কা প্রবল। ইতিমধ্যে আর্কটিক সাগরের বরফাচ্ছাদন রেকর্ড গতিতে গলে যাওয়ার খবর বিশ্বের অন্যতম আলোচিত বিয়য়ে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা মেরুসাগরের বরফ গলার দ্রুত গতির সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি সম্পর্ক দেখছেন। এতে মহাসমুদ্রের জলস্ফীতি বাস্তব বিপদ হয়ে উপকূলবর্তী জনপদে বিপন্নতা বাড়াবে।২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে জাপান ২০২০ সালের মধ্যে বায়ুমণ্ডলীতে তার দেশের কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের পরিমাণ ২৫ শতাংশ হ্রাস করার অঙ্গীকার ঘোষণা করেছিল। দেশটির সেই অঙ্গীকার পূরণের অন্যতম কৌশল ছিল বিদ্যুৎ উৎপাদনের ৫০ শতাংশ পরমাণু বিদ্যুৎ থেকে পূরণের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন। ইতিমধ্যে জাপান তার অঙ্গীকার থেকে পিছিয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়েই এখন তর্ক-আলোচনা চলছে, সাময়িক জনপ্রিয় রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে রাজনীতিকেরা বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত করার মারাত্মক ঝুঁকি নিয়ে কি ঠিক করছেন?অবশ্য জাপানের আগামী নির্বাচনে আরও রক্ষণশীল নেতা নির্বাচিত হলে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার নীতিতে পরিবর্তন আসতে পারে। তা ছাড়া, জাপানের শিল্প ও বণিক সমিতির নেতারা সুলভে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষিত প্রযুক্তি হিসেবে পরমাণু বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ করার বিপক্ষে। সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করলে সুলভে বিরতিহীন বিদ্যুৎ পাওয়ার নিশ্চয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি আমদানির বাড়তি চাপে জাপানের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষত জ্বালানির বাড়তি দাম দিতে হলে জাপানের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতার সামর্থ্য ধরে রাখতে পারবে কি না, রপ্তানিকারকদের সেই আশঙ্কাও রয়েছে। তা ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপরাষ্ট্র জাপানের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় কী মাত্রায় স্পষ্ট হয়, জাপানি ভোটদাতারা সেটিও নিশ্চয় বিবেচনায় নেবেন। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি আশা পূরণে কতটুকু সক্ষম হবে, তা-ও জাপানের জ্বালানি নীতি কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নিকট ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করার বিভিন্ন আন্তর্জাতিক আলাপ-আলোচনা জনতুষ্টির রাজনীতির কাছে পিছু হটবে বলেই আপাতত মনে হচ্ছে। বিশ্বের পরিবেশ আন্দোলনের জন্যও এ এক নতুন চ্যালেঞ্জ।ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।