তেহরান থেকে মুষড়ে পড়ার মতো খবর এসেছে। ইরানের মহত্তম চলচ্চিত্রকারদের একজন, জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি ছবি বানানোর ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা, দেশত্যাগ কিংবা দেশ-বিদেশের গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পানাহির সহযোগী মুহাম্মদ রসুলফকেও ছয় বছরের দণ্ড দেওয়া হয়েছে।পানাহি ও সরকারের মধ্যে চলমান দ্বন্দ্বের ধারাবাহিকতায় একে বলা যায় হালফিল ধাপ। আগেও তিনি গ্রেপ্তার হয়েছেন, ২০০৯ সালের বিক্ষোভে গুলিতে প্রাণ দেওয়া নিদা আগা-সলতানের জানাজায় যোগ দেওয়ার অপরাধে। পরে তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। তাঁর সাম্প্রতিকতম গ্রেপ্তারের আগে তিনি বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি। কারণ তাঁকে দেশত্যাগে বাধা দেওয়া হয়েছিল। এ বছরের মার্চ থেকে মে অবধি তিনি জেলে বন্দী ছিলেন। এই কারাবাসের সময় তাঁকে অনশন করতে হয়েছিল। তিনি মে মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন।নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে শুরু করে পানাহি অসামান্য কিছু ছবি বানিয়েছেন। তাঁর সব ছবিই ইরানি সমাজের নানা বিষয়ে সরাসরি বা অনুচ্চভাবে ক্রিটিক্যাল। চলচ্চিত্রকার হিসেবে অসামান্য অর্জনের পর পানাহি শুকনো গলায় আদালতে মন্তব্য করেছেন, ‘তেহরানের চলচ্চিত্র জাদুঘরে বিভিন্ন উৎসবে জেতা জাফর পানাহির পুরস্কারগুলোর জন্য যতটুকু জায়গা ছাড়া হয়েছে, সেটা তাঁর জন্য নির্ধারিত কারাপ্রকোষ্ঠের তুলনায় অনেক বড়।’চলচ্চিত্রকারের ওপর আগ্রাসন তো অবশ্যই নতুন কোনো ব্যাপার নয়। চলচ্চিত্রের ইতিহাসে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বারবার চলচ্চিত্র নিষিদ্ধ করেছে এবং এসব ছবির স্রষ্টাদের শাস্তি দিয়েছে। সম্প্রতি তুরস্কের অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকার ইলমাজ গুনেকে কয়েকবার জেলে ভরা হয়েছে। যখন বন্দী ছিলেন, তখন তিনি অন্যদের জন্য চিত্রনাট্য লিখে দিয়েছেন। চিনের কর্তৃপক্ষ জিয়াং ওয়েনকে ডেভিলস অন দ্য ডোরস্টেপ (২০০০) ছবি করার পর কয়েক বছরের জন্য চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করেছিল।গুনে মূলত অভিযুক্ত হয়েছিলেন দেওয়ানি অপরাধের কারণে, যদিও সেই অভিযোগের প্রকৃতি কিছুটা হলেও রাজনৈতিক ছিল। তবে তাঁর ছবির সঙ্গে, আমি যেমন বুঝেছি, অভিযোগের কোনো পরিষ্কার যোগসূত্র ছিল না। যদিও জিয়াং তাঁদের ছবিজনিত দোষেই সাজা পেয়েছিলেন, কিন্তু এ জন্য তাঁর জেল খাটতে হয়নি। পানাহির পরিস্থিতিকে তাই বাড়াবাড়ি রকম আশঙ্কাজনক মানতে হচ্ছে। তাঁকে গরাদ খাটতে হচ্ছে কেবল এই দোষে যে তিনি একটা ছবির প্রস্তুতি নিচ্ছিলেন।তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে: ‘দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ করার অভিসন্ধি নিয়ে সমাবেশ এবং ষড়যন্ত্রে যুক্ত হওয়া’ এবং ‘ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে রটনা’। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, তিনি এবং তাঁর সহকর্মী রসুলফ ২০০৯ সালের ‘নির্বাচন-পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে একটি সরকারবিরোধী সিনেমার প্রস্তুতি নিচ্ছিলেন’, যে সময় প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বিতর্কিত পুনর্নির্বাচনের প্রতিবাদে হাজার হাজার ইরানি বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছিল। ‘আপনারা এমন একটি ছবি বানানোর অপরাধে আমার বিচার করছেন, আমাদের গ্রেপ্তার করার সময় যার মাত্র ৩০ শতাংশ শুটিং শেষ হয়েছিল।’ পানাহি তাঁর বাড়িতেই শুটিংয়ের কাজ করছিলেন। সরকারি কর্তৃপক্ষ সেসব ফুটেজ জব্দ করেছে।বাদবাকি অভিযোগগুলো আনা হয়েছে শুধু মামলায় ধুয়ো দেওয়ার কারণে। এজাহারে বলা হয়েছে, পানাহির বাড়িতে ‘অশ্লীল চলচ্চিত্র’ পাওয়া গেছে। পানাহি গত মাসে তাঁর আত্মপক্ষ সমর্থনে দেওয়া বিবৃতিতে এর জবাবে বলেছেন, এ সবই ধ্রুপদি চলচ্চিত্র, যা থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর বিরুদ্ধে বেআইনি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি জবাব দিয়েছেন, সেখানে তিনি ছিলেন পর্যবেক্ষক হিসেবে, আর সেটা তাঁর অধিকারের মধ্যেই রয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি বিক্ষোভের কোনো ফুটেজ নেননি। কারণ সেটার ভিডিওচিত্র ধারণ নিষিদ্ধ ছিল। সবাই জানেন, ঘটনাস্থলের ফুটেজগুলো ফাঁস হয়েছে ফেসবুক, টুইটার ও ইউটিউবে, যেভাবে সব সময় হয়ে থাকে।পানাহির বিরুদ্ধে অনুমতি ছাড়াই ছবি বানাতে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। তাঁর জবাব, এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে ছবি বানাতে গেলে অনুমতি নিতে হবে। মনট্রিল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে বিক্ষোভ সংঘটিত করার অভিযোগও আছে তাঁর নামে। কিন্তু সেখানে তিনি জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ারও একটা অভিযোগ তাঁর বিরুদ্ধে; পানাহি দেখিয়েছেন, দেশে এমন কোনো আইন তো নেই, যাতে সাক্ষাৎকারের ওপরও নিষেধাজ্ঞা থাকতে পারে। এমনকি তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই অভিযোগ—তিনি ছবির অভিনয়শিল্পীদের চিত্রনাট্য পড়তে দেন না! পানাহি ব্যাখ্যা করেছেন, তিনি অপেশাদার শিল্পীদের নিয়ে কাজ করেন, আর এটা ইরানি চলচ্চিত্রকারদের বেলায় খুবই স্বাভাবিক যে তাঁরা অভিনয়শিল্পীদের কী করতে হবে বা বলতেই হবে, শুধু সেটুকুই বুঝিয়ে বলেন।অভিযোগগুলো সম্ভবত ইরানি বর্তমান সমাজের প্রতি ‘ক্রিটিক্যাল’ এক প্রধান কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেওয়ার অছিলামাত্র। ইরানে পানাহির ছবি বৈধভাবে প্রদর্শিত হয় না এবং তাঁকে নিয়ে এই বিশ্বাস বহুল প্রচলিত যে তিনি উদারনৈতিক শক্তিগুলোর সহানুভূতি পাচ্ছেন। সরকার এসব দলাদলির সবচেয়ে প্রকাশ্য শক্তি গ্রিন পার্টিকে সমূলে উৎপাটন করতে চায়। এ জন্য কখনো কখনো ইসলামি নেতারা আক্রমণের শিকার হচ্ছেন।পৃথিবীর কিছু অঞ্চলে চলচ্চিত্র এখনো অর্থ বহন করে। চলচ্চিত্র আমলাতন্ত্রকে ভেতর থেকে নাড়িয়ে দিতে এবং কর্তৃত্ববাদী শাসনের কাছে হুমকি হয়ে উঠতে সক্ষম। ‘মূল্যবান’, ‘প্রাচুর্যময়’ ছবি হিসেবে মুক্তির আনন্দে সেন্সর বোর্ড গলে লাফিয়ে বেরোনো ছবিগুলোর বাইরে সিনেমাকে কিছু কিছু জায়গায় গুরুতর রাজনৈতিক পর্যালোচনা হিসেবে গ্রহণ করা হয়েছে।আমরা বাস করছি এমন এক সময়ে, যখন সমালোচকেরা অত্যন্ত অসতর্কভাবে ‘সাহস’ শব্দটি ব্যবহার করছেন, যেমন ‘ব্ল্যাক সোয়ান-এ নাটালি পোর্টম্যান খুব সাহসী পারফরম্যান্স করেছেন।’ কিন্তু পানাহি এবং তাঁর সহস্র অনুগামীর চলমান লড়াই আমাদের মনে করিয়ে দেয়, চলচ্চিত্রের পর্দার বাইরের এই বাস্তব দুনিয়ায় সত্যিকারের সাহস আসলে কেমন জিনিস।ইংরেজি থেকে অনুবাদ: তৈমুর রেজাডেভিড বোর্ডওয়েল: আমেরিকার অন্যতম প্রধান চলচ্চিত্র সমালোচক। উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন আর্টস বিভাগের অধ্যাপক।