সমতল বাংলাদেশে উঁচু-নিচু পাহাড়ি এলাকা এমনিতেই কম—বৃহত্তর চট্টগ্রাম আর সিলেট। এই সিলেটের জাফলংয়ে সবচেয়ে উঁচু যে পাহাড়টি রয়েছে, সেটির ভবিষ্যৎ নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। কারণ, পাহাড়টি কাটা হচ্ছে, রাস্তা বানানোর জন্য। রাস্তাঘাট বানানো যোগাযোগব্যবস্থার উন্নতি বলে যুক্তি দেওয়া হয়। কিন্তু প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়টি যে আজকের দুনিয়ায় এর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা নীতিনির্ধারকেরা ভুলে যান। জাফলং একটি পর্যটন এলাকা, প্রকৃতির টানে এখানে অনেকে আসেন। এখানকার সবচেয়ে উঁচু পাহাড় কেটে রাস্তা হচ্ছে এবং সেটা করছেন এক প্রভাবশালী ভূমি ব্যবসায়ী। রাস্তা নির্মাণের পেছনে জনস্বার্থের কথা বললেও এটা পরিষ্কার যে তিনি যা করেছেন তা ব্যক্তিস্বার্থে। কারণ, তিনি ওই অঞ্চলে যে রিসোর্ট করার পরিকল্পনা করছেন এ জন্য এই রাস্তা বানানো দরকার হয়ে পড়েছিল। এ ধরনের পাহাড় কাটতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি লাগলেও তিনি তা নেননি। এবং পাহাড় কেটে চলেছেন দুই সপ্তাহ ধরে। তিনি নিজেকে ভূমির মালিক দাবি করলেও কাগজপত্র বলছে, জায়গাটি অর্পিত সম্পত্তি। এর পরও তিনি এত সব করতে পেরেছেন, কারণ তিনি একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান। তাঁর সঙ্গে স্থানীয় সাংসদ বা প্রশাসনের যে ভালো যোগাযোগ রয়েছে, সেটাও স্পষ্ট।পাহাড় কেটে এরই মধ্যে ৭২ শতক জায়গা সমান করে ফেলা হয়েছে। পাহাড়ের কাটা অংশ থেকে পাথর বের করে এরই মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। প্রশাসনের টনক নড়তে সময় লাগে, এত পরিমাণ কাটাকাটির পর পরিবেশ অধিদপ্তরের একটি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু প্রভাবশালী এবং স্থানীয় সাংসদ ও প্রশাসনের সঙ্গে কথা বলেই পাহাড় কেটেছেন বলে এর সঙ্গে জড়িত ব্যক্তি যখন দাবি করেন তখন এ ধরনের নির্দেশে কতটুকু কাজ হয়, সেটাই এখন দেখার বিষয়। আমরা মনে করি, পরিবেশ অধিদপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে শুধু পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়াই যথেষ্ট নয়। অনুমতি ছাড়া পাহাড় কেটে তিনি যে আইন ভঙ্গ করেছেন তার বিহিত করাও জরুরি।