বেশ কিছুদিন ধরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস-সহিংসতা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাঁদের এই প্রবণতা আরও বেড়েছে। তাঁদের বিক্ষোভ মিছিল মানেই সহিংসতা; তাঁদের ডাকা হরতাল মানেই যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা-ককটেলবাজি, ত্রাসের রাজত্ব। হরতাল ডেকে তাঁরা জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থনের অপেক্ষায় বসে থাকেন না; বরং সহিংস নাশকতামূলক কর্মকাণ্ডে ত্রাস সৃষ্টি করে দেখাতে চান যে হরতাল ‘সফল’ হয়েছে।সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি জামায়াতের ডাকা হরতাল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যথারীতি জবরদস্তিমূলক পন্থায় হরতাল ‘সফল’ করার চেষ্টা চালিয়েছেন। রাজধানী ঢাকায় তাঁরা হামলা চালিয়েছেন একটি হিউম্যান হলারের ওপর, যেটির যাত্রীরা ছিলেন নিতান্তই সাধারণ মানুষ। তাঁদের হামলায় ওই বাহনটির একজন যাত্রী নিহত হয়েছেন। আর কক্সবাজারের রামুতে জামায়াত-শিবিরের কর্মীরা সৃষ্টি করেছেন নিষ্ঠুরতার রেকর্ড। সেখানে তাঁরা আক্রমণ চালিয়েছেন রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের ওপর; রোগী বিএনপির স্থানীয় নেতা হয়েও রক্ষা পাননি, হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গুরুতর অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর রাজনৈতিক কর্মীদের হামলা চালানোর ঘটনা বিরল; দেখা যাচ্ছে, এ ধরনের নির্মমতায়ও জামায়াত-শিবিরের কর্মীদের হাত কাঁপে না।জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের যুদ্ধংদেহী মনোভাব ও বেপরোয়া সহিংস আচরণ তাঁদের নিজেদের জন্যও কম ক্ষতিকর নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাতে গিয়ে তাঁরা নিজেরাও হতাহত হচ্ছেন। সোমবারের হরতালের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে শিবিরের এক কর্মী মারা যান। তার আগে, গত শুক্রবার কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনজন, আহত হন শতাধিক। আহতদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ।জামায়াতের সোমবারের হরতালের ব্যাপারে জনগণের নেতিবাচক মনোভাব ছিল আগে থেকেই; সেদিন পুলিশ-বিজিবির নিরাপত্তাব্যবস্থাও ছিল অন্য দিনের চেয়ে কড়া। কিন্তু তার পরও রাজশাহীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাড়াবাড়ি রকমের সহিংসতা করেছেন; রাজশাহীর বিনোদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছেন। সেখানে আওয়ামী লীগের দুজন সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সারা দেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যখন জামায়াত-শিবিরবিরোধী মনোভাব প্রবল হয়ে উঠেছে, সেই মুহূর্তে সরকারি দলের কার্যালয়ে জামায়াত-শিবিরের কর্মীদের হামলা চালানো অতিমাত্রায় বিপজ্জনক এবং স্পষ্টতই উসকানিমূলক।সহিংসতা সব পক্ষেরই পরিত্যাজ্য, কোনো কারণ বা কোনো যুক্তিতে সহিংসতা সমর্থনযোগ্য নয়। এটা আমরা বিশ্বাস করি। শাহবাগ আন্দোলনের শান্তিপূর্ণ, অহিংস বৈশিষ্ট্য তাই আমাদের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তবে শাহবাগের বাইরে কয়েকটি জায়গায় জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুরের যে খবর এসেছে, তা ভালো খবর নয়। অহিংস আন্দোলনের দৃঢ়তা ও শক্তির স্বাক্ষর মিলেছে শাহবাগ আন্দোলনে; এই শক্তি বজায় রাখা খুবই জরুরি। জামায়াত-শিবিরেরও বোধোদয় হওয়া উচিত, সহিংস পথের শেষে থাকে বিপর্যয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের উচিত, পক্ষনির্বিশেষে সহিংসতাকে এক বিন্দুও ছাড় না দেওয়া।