জামালপুর হাসপাতালের দুর্ভাগা জেনারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এই দেশে রোগী মারা যায় চিকিৎসার অভাবে আর হাসপাতালের জেনারেটর মারা যায় ডিজেলের অভাবে! এক নিদারুণ দুঃসংবাদ। পাঁচ কোটি টাকার জেনারেটর জামালপুর জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছিল, কিন্তু ১৭ বছর ধরে সেটি অকেজো পড়ে আছে। না, যন্ত্রের কোনো গোলযোগ নয়, স্রেফ ডিজেলের অভাবে! যেখানে পাঁচ কোটি টাকার জেনারেটরের ব্যবস্থা হতে পারে, সেখানে কেন ডিজেলের অভাব? কারণ বরাদ্দ নেই।প্রশ্ন ওঠে, স্বাস্থ্য অধিদপ্তর কি জানে না যে জেনারেটর চালাতে ডিজেল লাগে? তাহলে কেন ওই হাসপাতালের জেনারেটরের জন্য জ্বালানির ব্যবস্থা করা হলো না? জেনারেটরটি চালাতে প্রতি ঘণ্টায় ৩৭ লিটার ডিজেল লাগে। একটি জেলার হাসপাতালের পক্ষে সেই জেনারেটর চালানোর ব্যয় বহন যে প্রায় অসম্ভব, তা স্বাস্থ্য অধিদপ্তরের চেয়ে ভালো আর কে জানে?এটা পরিকল্পনার গলদ। অনেক সময় উন্নয়ন-সহযোগীদের বিভিন্ন প্রকল্পের অধীনে জেলা হাসপাতালগুলোর জন্য অ্যাম্বুলেন্স, জেনারেটর বা অন্যান্য আধুনিক চিকিৎসা-সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে ব্যবহারের জন্য পাঠিয়ে দিয়েই দায়িত্ব শেষ করে। কিন্তু চিন্তা করে না যে জেনারেটরের জ্বালানির ব্যবস্থা কে করবে বা অ্যাম্বুলেন্স-চালকের বেতন কোথা থেকে আসবে। ফলে দেখা যায়, অনেক ক্ষেত্রে ওই সব মূল্যবান বরাদ্দ দিনের পর দিন অব্যবহূত পড়ে থাকে। অনেক সময় কোনো এক্স-রে মেশিন হয়তো বাক্সের মধ্যেই সারা জীবন তালাবদ্ধ অবস্থায় থেকে বিকল হয়ে যায়। অ্যাম্বুলেন্স গ্যারেজে পড়ে থেকে নষ্ট হয়। জামালপুর জেনারেল হাসপাতালের জেনারেটরের অবস্থাও একই। ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরে বারবার চেয়েও ডিজেলের বরাদ্দ পাওয়া যায়নি।একটি হাসপাতালে জেনারেটরের গুরুত্ব যে কত বেশি, তা বলার অপেক্ষা রাখে না। ঘন ঘন লোডশোডিংয়ে চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে। হারিকেন বা মোমবাতির আলোয় অনেক সময় রোগীদের ইনজেকশন বা স্যালাইন দিতে হয়। এটা বিপজ্জনকও বটে।জামালপুর জেনারেল হাসপাতালের জেনারেটরটি চালু করার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এ ধরনের সমস্যা আরও কোথায় আছে, সেটা খুঁজে দেখা দরকার। জ্বালানি ছাড়া জেনারেটর চলে না, চালক ছাড়া অ্যাম্বুলেন্স চলে না—এসব সাধারণ কথা সব সময় মনে রাখতে হবে। না হলে হাসপাতালগুলো তাদের প্রাপ্ত সুযোগ-সুবিধা রোগীদের সেবায় ব্যবহার করতে পারবে না। এটা জাতীয় সম্পদের অপচয়ও বটে।