জামালপুরে এ দুর্ভোগের অবসান হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

শিল্পের বিভিন্ন খাত বড় অবদান রাখছে দেশের অর্থনীতিতে। কিন্তু সেগুলোর কারখানার অব্যবস্থাপনার জন্য মূল্য দিতে হচ্ছে পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষকে। এর একটি ভয়াবহ নমুনা দেখা গেল জামালপুরের সরিষাবাড়ীতে। সেখানকার যমুনা সার কারখানার বিষাক্ত গ্যাস ও তরল বর্জ্যের বড় ভুক্তভোগী এলাকাটির ছয়টি বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বিষাক্ত গ্যাসের কারণে ক্লাস করা দায় হয়ে পড়ে তাদের, তরল বর্জ্যে জলাবদ্ধ হয়ে থাকে মাঠও। বছরের পর বছর ধরে এমনটি হয়ে এলেও এ নিয়ে স্থানীয় প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

প্রথম আলোতে বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবেদন প্রকাশ করা হয়। গতকালের এক প্রতিবেদনে জানা যায়, কারখানার বর্জ্যে সৃষ্ট জলাবদ্ধতায় দুই মাস ধরে দুটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। বর্জ্যের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষের পাঠদানও। পোগলদিঘা উচ্চবিদ্যালয় ও পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলিয়ে একটি খেলার মাঠ। প্রতিষ্ঠান দুটির পাশেই যমুনা সার কারখানা। সেখান থেকে পাইপ দিয়ে বাইরে ফেলা হয় বিষাক্ত তরল বর্জ্য, যা মাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ঢুকতে হয়।

শিক্ষকেরা জানান, সার কারখানা থেকে যখন অ্যামোনিয়া গ্যাস ছেড়ে দেওয়া হয়, তখন বিদ্যালয় দুটির পাঠদান বন্ধ হয়ে যায়। গ্যাসের কারণে শ্বাসকষ্ট হয়। সে সময় বিদ্যালয় ছুটি দেওয়া হয়। বছরে দুবার কারখানা থেকে গ্যাস ছেড়ে দেওয়া হয়। একইভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকাটির আরও চারটি বিদ্যালয়। দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে গত শনিবার খেলার মাঠে বর্জ্যপানির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করেন শিক্ষার্থী-শিক্ষকেরা। প্রথম আলোর প্রতিনিধি ফোনে জানালেন, কারখানাটির বর্জ্য অব্যবস্থাপনার কারণে পাঁচটি গ্রাম ভুক্তভোগী। সেখানকার পুকুরে মাছ হয় না, গাছ মরে যায়, কোনো ফল হয় না, জমিতে ফসল হয় না। এ বছর ১ হাজার ১০০ বিঘার বেশি জমি অনাবাদি ছিল শুধু এ কারণে।

এ বিষয়ে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামোনিয়া উৎপাদনের সময় কিছুটা গ্যাস বাইরে চলে যায়। এত বড় কারখানা, আশপাশে একটু ক্ষতি হবেই। গ্যাস শোধনাগারের জন্য লেগুন নির্মাণ করা হবে। ভূমি অধিগ্রহণ হলেই লেগুন নির্মাণের কাজ শুরু হবে। ১৯৯১ সালে কারখানাটি স্থাপন করা হয়। কিন্তু এত বছরেও কেন গ্যাস ও বর্জ্য শোধনাগার নির্মাণ করা হলো না? এর ফলে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেল, এর দায় কে নেবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা শিগগিরই বিদ্যালয় মাঠ উঁচু করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাদবাকি সমস্যাগুলোর নিরসনে কি কারও কিছু করার নেই?