জামায়াত-শিবিরের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক ত্রাস ও তাণ্ডব একাত্তরে তাদের ভূমিকাকেই মনে করিয়ে দেয়। সে সময়ে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিরীহ জনগণের ওপর নৃশংসতা চালিয়েছিল। তাদের সেই মানসিকতার এখনো কোনো পরিবর্তন হয়নি। কয়েক দিন বিরতির পর তারা গত মঙ্গলবার ঢাকায় এবং গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, যা জনগণের নিরাপত্তা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যখন সারা দেশ উত্তাল, সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করছে, তখন জামায়াত শিবির দেশের প্রচলিত আইন, সংবিধান ও বিচারব্যবস্থার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা দেশজোড়া গণজাগরণের বিপক্ষে অবস্থান নিয়েছে। শান্তি, গণতন্ত্র ও নিরাপত্তার জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে এই রাজনৈতিক অপশক্তি। তাদের প্রধান কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে যেকোনো কর্মসূচি ঘোষণা করে বা না-করে গাড়ি ভাঙচুর, ককটেল বা বোমা ফাটানো এবং পুলিশ সদস্যদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করা। শাহবাগ থেকে ছড়িয়ে পড়া গণজাগরণ যখন মানুষের মনে আশা, আস্থা ও নিরাপত্তার বোধ সৃষ্টি করেছে, তখন জামায়াত শিবিরের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের উদ্বিগ্ন না করে পারে না। এই চক্রটি মঙ্গলবার কারওয়ান বাজার ও মতিঝিল এলাকায় অকস্মাৎ গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন লাগিয়ে এবং ককটেল ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। বুধবারের ঘটনায় চার পুলিশসহ ১৩ জন আহত হন। এর আগে কারওয়ান বাজার ও মতিঝিলের হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পুলিশও গুলি ও রাবার বুলেট ছুড়ে শিবিরকে বিতাড়ন করে। দুই দিনই জামায়াত-শিবির সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলা চালালে পুলিশ-জনতা মিলিতভাবে শিবিরকে প্রতিরোধ করে।দেশে একদিকে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যদিকে চলছে তারুণ্যের শান্তিপূর্ণ জাগরণ। যুদ্ধাপরাধীদের কঠোর শাস্তির পক্ষেই দেশের সব মানুষ। এই নবজাগ্রত মানুষকে ভয় দেখিয়ে ঘরে ফেরত পাঠিয়ে দেওয়াই হলো জামায়াত-শিবিরের অব্যাহত নাশকতার উদ্দেশ্য। কিন্তু তাদের বুঝতে হবে, গণমানুষের ওপর আক্রমণ করে, জানমালের ক্ষতি করে তারা পার পাবে না। এ রকম ভয়ভীতি দেখিয়ে যুদ্ধাপরাধের বিচার ঠেকিয়ে রাখা যাবে না।মূল প্রশ্ন হচ্ছে, যুদ্ধাপরাধের বিচার নির্বিঘ্নে সম্পন্ন হওয়া। এই বিচার বন্ধে এর আগে জামায়াতে ইসলামী নানা অপকৌশল চালিয়েছে, বিদেশে লবি করেছে। কিন্তু দেশে-বিদেশে সমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিচার সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এটি আইনি প্রক্রিয়াতেই মোকাবিলা করতে হবে, রাস্তায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নয়। এ মুহূর্তে সরকারের উচিত সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখানো। রাজপথে শিবিরের সন্ত্রাস-নাশকতা যেমন মোকাবিলা করতে হবে, তেমনি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নিরপেক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে তৎপর থাকে, সেই নিশ্চয়তা দিতে হবে সরকারকেই। যেকোনো মূল্যে এ ধরনের সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।