জামায়াতের জবরদস্তি হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় কথায় হরতাল ডাকা যেন নিয়মে পরিণত হয়েছে। বিশেষত, জামায়াতে ইসলামী দলটি আদালতের রায়ের প্রতিবাদে একের পর এক যখন হরতাল ডাকছে, তখন অসহায় দেশবাসী নীরবে সব কষ্ট মেনে নিচ্ছে শুধু শান্তি চায় বলে। কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। জামায়াত যদি মানুষের মনস্তত্ত্ব না বোঝে, তাহলে অচিরেই তার ফল ভোগ করতে হবে। নৈরাজ্যকর হরতালের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে।ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতির সময় সবাই হঠাৎ জানল হরতালের কারণে তাদের ফেরার পথে দুর্ভোগ পোহাতে হবে। তাই অনেকে স্বজনের কাছে যাওয়ার চিন্তা বাদ দেওয়ার পর শুনল, হরতাল এক দিন পেছানো হয়েছে। জামায়াতে ইসলামী নিজেরাই জানে না কখন হরতাল দেওয়া উচিত।হরতালের কারণে এবার পর্যটনশিল্পে মন্দা দেখা দিয়েছে। অনেকে ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্রসৈকত ভ্রমণ বাতিল করতে বাধ্য হয়েছেন। ঘন ঘন হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর বিভিন্ন পর্যটন এলাকায় ভিড় ছিল কম। হোটেল-মালিকদের লোকসান দিতে হয়েছে। আশা ছিল, অন্তত ঈদের ছুটিতে ব্যবসা জমবে। কিন্তু হরতাল সেখানেও সর্বনাশ ডেকে এনেছে।এই হরতালের কোনো যুক্তি থাকতে পারে না। রাজনৈতিক দল হিসেবে দলের নিবন্ধন আদালতের রায়ে বাতিল হয়েছে, এ জন্য কেন হরতাল করতে হবে? রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে এবং সেটা তারা গ্রহণও করছে, এক মাসের মধ্যে আপিল হবে। তারা নির্বাচন কমিশনেও যেতে পারে। কমিশনের শর্ত অনুযায়ী তাদের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনীর সুযোগ যখন আগে গ্রহণ করেনি, তখনই এর পরিণাম সম্পর্কে তাদের সচেতন থাকা উচিত ছিল। এখনো সে সুযোগ থাকলে তা গ্রহণ করা দরকার, আইনের পথে বিষয়টির নিষ্পত্তি করার সুযোগ থাকলে তার সদ্ব্যবহার করা দরকার। কিন্তু এত সব সম্ভাবনা উপেক্ষা করে জামায়াতে ইসলামী দেশবাসীর ওপর জোরজবরদস্তি ৪৮ ঘণ্টার হরতাল চাপিয়ে দিল!সরকার নিবন্ধন বাতিল করেনি, বরং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তাহলে জামায়াতের এই হরতাল কার বিরুদ্ধে? ওরা কি মানুষকে শায়েস্তা করতে চায়?জামায়াতের রাজনৈতিক মিত্র বিএনপি ও ১৮-দলীয় জোটের শরিকেরাও এই হরতালকে তাদের মূল কর্মসূচির অংশ হিসেবে গ্রহণ করেনি; বরং গণতান্ত্রিক পদ্ধতিতে সমাবেশ-প্রতিবাদের আন্দোলনকেই তারা প্রাধান্য দিচ্ছে। এটা প্রকৃতপক্ষে জামায়াতি হরতালের বিরুদ্ধে মূলধারার রাজনীতির সরব অবস্থান। মিত্রদের কাছ থেকে সাড়া না পেয়েও জামায়াত কার্যত এককভাবে হরতালের পথে যাচ্ছে। জামায়াতের হরতালের সময় প্রতিবার নির্বিচারে বোমাবাজি, বাস-ট্রাকে আগুন ও পুলিশ পেটানোর অভিযান চালানো হয়। এভাবে ওরা সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে। এই অভিশপ্ত রাজনীতি শান্তিপ্রিয় মানুষ প্রত্যাখ্যান করে।আর দেরি নয়, আজই জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাহার করা উচিত।