জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল কেবল স্ববিরোধীই নয়, অগ্রহণযোগ্যও। একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি গোড়া থেকেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় শুরু থেকে দ্বৈতনীতি অনুসরণ করে চলেছে। তারা প্রচলিত আইনের আওতায় বিচারপ্রক্রিয়ায় অংশ নিচ্ছে, আবার এর বিরুদ্ধে হরতালের নামে সহিংস তৎপরতা চালাতেও দ্বিধা করছে না। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে তাদের যাবতীয় কর্মসূচির উদ্দেশ্যই হলো এই বিচার বাধাগ্রস্ত করা।
গতকাল দলের প্রধান মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী সারা দেশে বৃহস্পতি, রবি ও সোমবার তিন দিনের হরতাল ডেকেছে। এর নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি ও জনজীবনে পড়তে বাধ্য। এটা পরিষ্কার করা প্রয়োজন যে আপিল করা তাদের সাংবিধানিক অধিকার হলেও আদালতের রায়ের বিরুদ্ধে তারা জবরদস্তির হরতাল চাপিয়ে দিতে পারে না।
বৃহস্পতি, রবি ও সোমবার জামায়াতের হরতালএর আগেও যুদ্ধাপরাধের রায় ঘোষণার পর তারা বেশ কয়েকবার হরতাল ডেকে জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এর প্রতি জনগণের সমর্থন ছিল না। এসবের মাধ্যমে প্রমাণিত হয় যে দলটি রাজনৈতিক দুর্বৃত্তপনা থেকে বেরিয়ে আসতে পারেনি; বরং অতীতের অপরাধ আড়াল কিংবা অস্বীকার করতে গিয়ে আবার দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। জামায়াতের এই আস্ফালন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যেকোনো রাজনৈতিক দল, যদি তারা দেশের সংবিধানে বিশ্বাসী হয়, তাহলে তারা এভাবে রাষ্ট্রের বিচার বিভাগকে চ্যালেঞ্জ করার নীতি অনুসরণ করতে পারে না। তাদের অবশ্যই অপরাধ অস্বীকারের নীতি পরিহার করতে হবে। জামায়াতের এই কর্মকাণ্ড এতই দানবীয় যে ২০–দলীয় জোটের প্রধান শরিক বিএনপিও তা সমর্থন করছে না। তাই জামায়াতে ইসলামীর উচিত হবে হরতাল প্রত্যাহার করে আইনি প্রক্রিয়ার মধ্যেই প্রতিকার খোঁজা।