জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায় দেশের রাজনীতির বিবাদ মেটানোর কাজে গঠনমূলকভাবে ব্যবহারের সুযোগ দিয়েছে। এ জন্য জামায়াতের নেতৃত্ব কী প্রতিক্রিয়া দেখান, সেটা দেখার বিষয়। এটা অসামান্য তাৎপর্যপূর্ণ যে, বিষয়টির সঙ্গে ‘গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন’ জড়িত বিবেচনায় হাইকোর্ট বিভাগ সার্টিফিকেট ইস্যু করেছেন। আর এটা জামায়াতের আবেদনক্রমেই মঞ্জুর হয়েছে, ধরে নিতে হবে। স্বতঃপ্রণোদিতভাবে এ রকম সার্টিফিকেট হাইকোর্ট ইস্যু করেন না। আর এই আপিলে কেবল সাংবিধানিক প্রশ্নেরই ফয়সালা হবে। পরিহাস হলো, যে রাষ্ট্রব্যবস্থায় জামায়াত বিশ্বাস করে না সেই রাষ্ট্রের আদালতেই আইনি লড়াইয়ের পূর্ণ সুযোগ পাওয়ার পরও দলটি জনগণের ওপর হিংসাত্মক হরতাল চাপিয়ে দিচ্ছে। ‘জামায়াতে ইসলামী’ এই কলঙ্কিত ও বিতর্কিত নামের বোঝা দলটির নতুন প্রজন্ম আর বইবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। জামায়াত অপরাধী সংগঠন হিসেবে অভিযুক্ত হওয়ার কারণেও তার নিবন্ধন বাতিলযোগ্য।অন্যদিকে বিএনপির নীরবতার অর্থ হচ্ছে, তারা জনমতের কাছে নতি স্বীকার করেছে। জামায়াতবিরোধী ভোটব্যাংককে তারা যে অস্বীকার করতে অপারগ, এটা জামায়াতের শক্তি নয়। জিয়াউর রহমানের আমলে একটি সেক্যুলার পোস্টার সবার নজর কেড়েছিল। তাতে বলা ছিল, ‘জনগণই সকল ক্ষমতার উৎস—জিয়া’। এটাই বাংলাদেশ সংবিধানের ৭ অনুচ্ছেদ-সমর্থিত জনগণের সার্বভৌমত্ব, যা জামায়াত বিশ্বাস করে না। জিয়া কিংবা পরবর্তী শাসকেরা সংবিধানকে ধোলাই-মোছাই করলেও ৭ম অনুচ্ছেদের পরিবর্তন আনেননি। ৭ম অনুচ্ছেদ বাংলাদেশ রাষ্ট্রের ধ্রুবতারা। এখানে আপস বা ছাড় দেওয়ার সুযোগ নেই। এর ব্যত্যয় ঘটাতে কারও সঙ্গেই কোনো আলোচনা বা দর-কষাকষির সুযোগ নেই। জনগণের সার্বভৌমত্ব ও তাদের পরম অভিপ্রায় যে সংবিধান, সেটাই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এটা নিয়ে তর্ক না তোলাই গত ৪১ বছরের মধ্যে আমাদের মহত্তম অর্জন। ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত সংবিধানের অনেক কাটাছেঁড়া হয়েছে, কিন্তু এ নিয়ে সামরিক বা বেসামরিক কোনো আমলেই আমরা বিতর্কে লিপ্ত হইনি। জামায়াতের পরে হেফাজত প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যত ৭ম অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করেছে। হুজি ও জেএমবির অবস্থানও অভিন্ন। আমরা এখনো জানি না, স্বাধীনতার বিরোধিতা, নাকি ধর্মগত বা সাম্প্রদায়িক প্রশ্নে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। ধর্মগত হলে এখানে একটি বিরাট সাংবিধানিক বিতর্ক আসবে। সেই বিতর্কের জন্য দরকার এমন একটি রাজনৈতিক পরিবেশ, যেখানে আগামী নির্বাচনকে লক্ষ্যবস্তু করা যাবে না। কিন্তু সরকারি দলের কতিপয় নেতার মধ্যে সেই প্রবণতা প্রবল।সমস্যার দুটো দিক আছে—আইনি ও রাজনৈতিক। আইনি সমস্যার নিষ্পত্তি আদালতেই হতে হবে। সে ক্ষেত্রে জামায়াতের উচিত হবে আপিলের রায় পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু রায় ঘোষণার সঙ্গে সঙ্গে দলটি যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এর মাধ্যমে তারা নিজেদের চরিত্রই উন্মোচন করেছে। ইসলামের নামে প্রচারিত দলটির মধ্যে ন্যূনতম ধর্মীয়বোধ থাকলে ঈদের অব্যবহিত পর আহূত হরতালটি তারা তুলে নেবে আশা করি।