জামিনের আসামি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমী কোনো কারণ ছাড়া যেকোনো সন্দেহভাজন ব্যক্তি জামিন পাবেন, সেটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু চট্টগ্রামের আদালতে মাদক মামলায় জামিনে বেরিয়ে ৩৮২ আসামির উধাও হওয়া খুবই অস্বাভাবিক। মাত্র ছয় মাসে ৩১২টি মাদকের মামলার রায় হয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ৬৪৯ আসামির মধ্যে ৩৮২ জন রায় ঘোষণার আগে জামিনে গিয়ে পলাতক হয়েছেন। আমরা এই ঘটনাকে দেশের ফৌজদারি বিচারব্যবস্থার একটি মারাত্মক গলদ হিসেবে বিবেচনা করতে পারি।

মাদক মামলায় জামিনে কারাগার থেকে বেরিয়ে প্রথম দু-তিন মাস আদালতে হাজিরা এবং অতঃপর রায় ঘোষণার আগে উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করছে যে জামিন প্রদানের শর্তগুলো পূরণ হচ্ছে না। কারণ, জিম্মাদার ও নির্দিষ্ট অঙ্কের টাকাসংবলিত মুচলেকা ছাড়া জামিন হয় না। আগে দায়িত্বশীল আইনজীবীরা পারতপক্ষে জিম্মাদার হতে চাইতেন না। কারণ, আসামি পালিয়ে গেলে তাঁর ঝক্কি সামলাতে হতো। আসামি হাজির করতে না পারার কারণে অনেক সময় তাঁদের সনদ চলে যেত।

জামিনের যাতে অপব্যবহার না ঘটে, সে কারণে ফৌজদারি কার্যবিধিতে কঠোর অনুশাসনের বয়ান আছে। বিশেষ করে ৫১৪ (২) ধারা বলেছে, জামিনে গিয়ে আসামি পালিয়ে গেলে জিম্মাদারের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাকিস্তানের আইন কমিশন মনে করে, অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান করা উচিত। বর্তমানে একজন আইনজীবী ও একজন স্থানীয় লোকের জিম্মায় জামিন দেওয়া হয়। নিয়ম হলো, আসামি পলাতক হলে মুচলেকার অর্থ বাজেয়াপ্ত হবে। আইনজীবীদের নির্দিষ্ট অঙ্কের জামানত দেখিয়ে জিম্মাদারের তালিকায় নাম নিবন্ধন করাতে হয়। বাস্তবে এর ব্যত্যয় ঘটছে। দেশে এমন আইনজীবী সমিতিও আছে, যেখানে আড়াই হাজার সদস্য অথচ নির্দিষ্ট তালিকায় এক-তৃতীয়াংশেরও নাম নেই। আসামির পলায়নের জন্য বিরল ক্ষেত্রেই জিম্মাদারদের জবাবদিহি করতে হয়। এই দায়মুক্তির অবসান হওয়া দরকার।

উল্লেখিত ৩৮২ আসামির প্রত্যেকে গড়ে প্রায় ২০ হাজার টাকার মুচলেকায় জামিন পান। আইনমতে সরকারি কোষাগারে পৌনে এক কোটির বেশি টাকা জমা পড়ার কথা। আদালত চাইলে উশুলযোগ্য টাকার পরিমাণ অবশ্য কমাতে পারেন। কিন্তু বাস্তবে এর প্রয়োগ নেই বললেই চলে। আমরা মনে করি, আদালত প্রশাসকদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। জিম্মাদারসংক্রান্ত বিধানাবলির কঠোর অনুসরণ উল্লিখিত পরিস্থিতি বদলাতে পারে।