গত বছর নির্বাচিত উপাচার্য পাওয়ার পর ধারণা করা হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিকঠাকমতো চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কয়েক মাস না যেতেই একটির পর একটি অঘটনে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে শিক্ষক সমিতি উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে। এর আগে তারা অসহযোগের মতো কর্মসূচি নিয়েছিল। অন্যদিকে প্রক্টর ব্যক্তিগত এবং তিন সহকারী প্রক্টর কাজের পরিবেশ নেই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শিক্ষক ও ছাত্রী লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে দাবি শিক্ষক সমিতি করেছে, তার সঙ্গে কেউ দ্বিমত করবে না। দুটি ঘটনাতেই সরকার-সমর্থক ছাত্রসংগঠনটির কর্মীরা জড়িত। অন্যায়ের প্রতিকারের ক্ষেত্রে কে কোন সংগঠনের সদস্য, সেটি বিবেচ্য হতে পারে না। তাই শিক্ষক সমিতির দাবি ন্যায়সংগত। কিন্তু এই দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া কিংবা নির্বাচিত উপাচার্যের পদত্যাগের দাবি সমর্থনযোগ্য নয়। ছাত্রী লাঞ্ছনার দায়ে ইতিমধ্যে আটজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে। আশা করব, প্রশাসন শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা নেবে। একইভাবে শিক্ষক সমিতিকেও মনে রাখতে হবে, অনেক সংগ্রামের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন নির্বাচিত উপাচার্য পেয়েছে। তাঁকে অপসারণ করলে সেই অনির্বাচিতের খড়্গ ফের তাদের মাথার ওপর ঝুলবে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।উপাচার্য যদি কোনো অনিয়ম করে থাকেন, শিক্ষক সমিতি বা যেকোনো সংগঠনেরই নিয়মতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করার সুযোগ আছে। তবে সেই প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয়, যাতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে প্রশাসন ও শিক্ষক সমিতিকে সজাগ থাকতে হবে। ক্ষুদ্র বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন গায়ের জোরে কিছু চাপিয়ে দিতে পারে না, তেমনি শিক্ষক সমিতিকেও ‘অসহযোগ’ ও ‘কর্মবিরতি’র সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।