আশির দশকে এ দেশে নির্মাণকাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে রডের চাহিদা বাড়ে। চাহিদার বিপরীতে সরবরাহ ছিল অপ্রতুল। তখন মূলত সরকারি স্টিল মিল ও বিদেশ থেকে আমদানি করে রডের চাহিদা মেটানো হতো। রডের চাহিদা বাড়ার এ প্রেক্ষাপটে দেশে বেসরকারি স্টিল মিলগুলো গড়ে ওঠে। এই মিলগুলোতে কাঁচামাল হিসেবে জাহাজভাঙা লোহা ব্যবহূত হয়। এভাবে স্টিল মিলের চাকা ঘোরাতে গিয়ে সমুদ্র উপকূলে গড়ে ওঠে জাহাজভাঙা শিল্প।কিন্তু জাহাজ ভাঙা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। শ্রমিকের প্রাণহানি ও অঙ্গহানি নিত্যদিনের ঘটনা। এরপর এই দুর্ঘটনা নিয়ে চলে মালিকপক্ষের লুকোচুরি খেলা। কজন শ্রমিক মারা গেলেন বা আহত হলেন, সে খবরও অনেক সময় সঠিকভাবে পাওয়া যায় না। শ্রমিকেরা মৃত্যুর ও অঙ্গহানির ক্ষতিপূরণও পান না। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। কুমিরা-সীতাকুণ্ড উপকূলে এগুলো অবস্থিত। এগুলো মারাত্মকভাবে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। জাহাজের পুরোনো, বিষাক্ত ভাসমান তেলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন। এতে উপকূলীয় এলাকার সামুদ্রিক মাছ, প্রাণী ও উপকূলীয় বন ধ্বংস হয়ে যাচ্ছে। জাহাজের বিষাক্ত গ্যাস বায়ু দূষণ করছে। কোনো কোনো জাহাজের মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ বহন করার খবর জাতীয় দৈনিকগুলোয় প্রকাশিত হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ ভাঙা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশের পরিবেশবাদীরাও এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন; আদালতে গেছেন। মহামান্য সুপ্রিম কোর্ট এ ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন। সরকার যেহেতু জাহাজ ভাঙাকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তাই এ শিল্পের সার্বিক নিরাপত্তা বিধান করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা সরকারেরই দায়িত্ব।এ ব্যাপারে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজন সরকারি উদ্যোগে নিরাপদ শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ করা। জাহাজ ভাঙার প্রধান স্থান কুমিরা ও সীতাকুণ্ড উপকূলে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ করা যেতে পারে, যা বেসরকারি উদ্যোক্তারা ভাড়ায় বা লিজ পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। শিপ ব্রেকিং ইয়ার্ডের পাশে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পরিবেশ অধিদপ্তরসহ জরুরি সার্ভিসগুলো থাকতে পারে। এগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য বেপজার মতো প্রশাসনিক কাঠামো গঠন করা যেতে পারে। আশা করি, সরকার দরিদ্র শ্রমিকের জীবন রক্ষায় ও পরিবেশদূষণ রোধকল্পে এ ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবে।ডা. সাইফুল আযম সাজ্জাদচৌদ্দগ্রাম, কুমিল্লা।