জাহাজভাঙা শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানাগুলোতে শ্রমিকদের সুরক্ষায় অবহেলাসহ নানা অব্যবস্থাপনার যে চিত্র প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক।

প্রথম আলোর খবর অনুযায়ী, জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় গত পাঁচ বছরে ৭৭ শ্রমিক মারা গেছেন। সাবধানতা অবলম্বন না করা ও শ্রমিক সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে। চলতি বছরও এ শিল্পের তিনজন শ্রমিক কর্মরত অবস্থায় দুটি বড় দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি জাহাজ কাটার সময় দুই শ্রমিক জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে গেছে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ। বেশির ভাগ ক্ষেত্রেই এমনটা ঘটে থাকে।

দেখা যায়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কোম্পানির মালিক নিহত শ্রমিকের পরিবারকে সামান্য কিছু নগদ অর্থ ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যাচ্ছেন। থানা-পুলিশ ঘটনাস্থলে যায়, ‘অপমৃত্যু’র মামলা হয়, কিন্তু সেসব মামলার কোনো সুরাহা হয় না।

সীতাকুণ্ডের সমুদ্র তীরবর্তী এলাকায় জাহাজভাঙা শিল্প গড়ে ওঠায় যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি এটি আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। প্রতিবছর এ খাত থেকে প্রায় ৮০০ কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে শ্রমিকদের শ্রমে এত বিপুল পরিমাণ রাজস্ব আয় হচ্ছে, তাদের সুরক্ষার দিকে কোনো নজর নেই।

জাহাজভাঙা শিল্প স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়, ৫৬টি শর্ত পূরণ করতে হয়। শর্তগুলোর মধ্যে শ্রমিকদের নিরাপত্তা বিধানের জন্য সুরক্ষা সরঞ্জাম (দস্তানা হেলমেট, বুট, আগুনরোধী পোশাক) ব্যবহার করা, বর্জ্য সংরক্ষণাগার স্থাপন, তেল ছড়িয়ে পরিবেশদূষণ না করা, পুরোনো জাহাজের গ্যাসমুক্ত করার আগে বিস্ফোরক অধিদপ্তরকে অবহিত করা ইত্যাদি। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার পর বেশির ভাগ জাহাজভাঙা কারখানা এসব শর্ত মেনে চলে না। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও অনেক কারখানার নেই। ফলে দুর্ঘটনা ঘটে শ্রমিকেরা হতাহত হচ্ছেন।

জাহাজভাঙা শিল্পে শ্রমিক সুরক্ষা ও পরিবেশ ছাড়পত্রের শর্ত মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ২০১১ সালে হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সেই কমিটি আজও হয়নি। প্রশ্ন হলো কেন এই শিল্পের শ্রমিকদের প্রতি এত অবহেলা? অবশ্য শুধু জাহাজভাঙা শিল্পেই নয়, বাংলাদেশের প্রায় সব শিল্পেই কমবেশি এমন অবস্থা।

শ্রমিকদের কল্যাণের কথা ভাবা হয় খুবই কম। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা শ্রমিকদের অধিকার। এটা নিশ্চিত করতে হবে। যেসব কোম্পানি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে না, তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বন্ধ করে দিতে হবে। এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।