জিএসপি বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল নিয়ে বিতর্ক চলে আসছিল বেশ কিছুদিন ধরেই। সরকারের মন্ত্রী ও বিজিএমইএর নেতাদের দাবি, বাংলাদেশ তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক স্বার্থরক্ষার শর্ত পুরোপুরি পূরণ করেছে। অতএব, জিএসপি পুনর্বহাল না করার যুক্তি নেই। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে, কর্মপরিবেশ কিছুটা উন্নত হলেও এখনো অনেক কিছু করার বাকি আছে।
প্রশ্ন উঠেছে, কার কথা ঠিক? এ নিয়ে কোনো রাজনীতি হচ্ছে কি না? রাজনীতি হয়ে থাকলে কারা করছেন? সম্প্রতি ১২২টি দেশে যুক্তরাষ্ট্র জিএসপি পুনর্বহাল করলে বিতর্কটি আরও জোরদার হয়। ওই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে এতে বাংলাদেশের নাম থাকার কথা ছিল না, কারণ যেসব দেশে প্রক্রিয়াগত কারণে জিএসপি বাতিল হয়েছিল, সেসব দেশেই ফের নবায়ন করা হয়েছে। বাংলাদেশের জিএসপি বাতিল হয় রানা প্লাজা ধসের পর। ভবিষ্যতে রানা প্লাজার মতো অঘটন ঘটবে না, এই নিশ্চয়তা কেবল ক্রেতা দেশগুলো নয়; বাংলাদেশের মানুষ পেতে চায়।
এর আগে মন্ত্রী ও বিজিএমইএর নেতারা দাবি করেছেন যে, রাজনৈতিক কারণে জিএসপি থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, শর্ত পূরণে ব্যর্থতার কারণেই জিএসপি পুনর্বহাল হয়নি। সে ক্ষেত্রে বিষয়টি নিয়ে অযথা রাজনীতি না করে শর্ত পূরণে সর্বাত্মক চেষ্টা করাই হবে বুদ্ধিমানের কাজ। নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানো হলে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে।
সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশের জিএসপি পাওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে এবং দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছে। সরকারের উচিত হবে সেই আলোচনাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া। জিএসপি পুনর্বহাল হলে আর্থিকভাবে আমরা হয়তো খুব বেশি লাভবান হব না, কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আমদানিকারক দেশকেও প্রভাবিত করতে পারে।