জিদের বন্দিনীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত মৃত্যুর আগেই মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েনের মৃত্যুসংবাদ পত্রিকায় ছাপা হয়েছিল। রসিক সাহিত্যিক সেই সংবাদ পড়ে মন্তব্য করেছিলেন, ‘আমার মৃত্যুসংবাদ অতিরঞ্জিত।’ সুপ্রিম কোর্টের রায় মেনে পঞ্চদশ সংশোধনী পাসের দিনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মৃত্যু নির্ধারিত হলেও অনেকের কাছে এই মৃত্যুকে ‘অকালপক্ব’ মনে হয়। বিএনপি-সমর্থক ছাড়াও দেশে আরও মানুষ আছেন, যাঁরা নির্বাচনের এই বিকল্প বন্দোবস্তের প্রয়োজন এখনো আছে বলে মানেন। সব মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বর্তমানে জীবন্ত ও জ্বলন্ত হয়েই বিরাজ করছে। সরকারি দলের নায়েব-উজির-পেয়াদা-গোমস্তা সবাই দিনরাত তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু নিশ্চিতের ঘোষণা দিয়ে যাচ্ছেন। অতীতেও অন্তত দুবার—১৯৯৬ সালে একবার, ২০০৮ সালে আরেকবার একে অস্বীকার করা হয়েছিল, কিন্তু দিব্যি তা টিকে গেছে। ব্যবস্থাটি ফিনিক্স পাখির মতো বিক্ষোভ-আন্দোলন-সহিংসতার আগুনে পুড়ে পুনর্জীবিত হওয়ার ক্ষমতা রাখে। কারণ এর জন্ম রাজনীতির এমন এক সংকটের গর্ভে, যার আর কোনো সমাধান নেই। নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দল যে খেলাটা খেলছে, গেম থিওরির সূত্র ধরে একে বলা যায় ‘প্রিজনার্স ডিলেমা’ বা বন্দীদের উভয়সংকট। খেলাটা এ রকম: পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করল, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ নেই। যেহেতু পর্যাপ্ত প্রমাণ নেই, সেহেতু উভয়কে কম গুরুতর অভিযোগে তিন মাসের কারাদণ্ড দেওয়াই সাব্যস্ত হলো। কেউই অভিযোগ স্বীকার না করায় পুলিশ অন্য ফন্দি নিল। তারা দুজনকেই একটা কূটচালে ফেলে দিল। আলাদা করে তাদের বলা হলো, যদি তুমি অপরজনের বিরুদ্ধে সাক্ষ্য দাও, তাহলে বেকসুর খালাস পাবে আর তোমার সঙ্গী পাবে সাত বছরের কারাদণ্ড। তবে একটা শর্ত আছে, যদি দুজনই পরস্পরের বিপক্ষে অভিযোগ করো, তাহলে দুজনেরই কমপক্ষে পাঁচ বছরের জেল হবে। এখন তারা কী করবে? যদি দুজন দুজনকে বিশ্বাস করে, তাহলে উভয়ই অভিযোগ অস্বীকার করে তিন মাসের কারাদণ্ড ভোগের রাস্তা নেবে। যদি অনাস্থাই প্রধান হয়, তাহলে অপরজনকে দোষী করে নিজে বাঁচতে চাইবে। এটা তারা তখনই করবে, যখন আলাদাভাবে তারা ভাববে যে অন্যজন শাস্তি পেলেও আমি বেঁচে যাব। কিন্তু উভয়ই যেহেতু উভয়কে বিশ্বাস করে না, সেহেতু পাল্টাপাল্টি অভিযোগের কারণে তারা পড়বে দ্বিতীয় ধারায়; অর্থাৎ পাঁচ বছরের জেল। উভয়ের মঙ্গল একসাথে চিন্তা করলে যেখানে মাত্র তিন মাসের শাস্তি পেত, সেখানে পরস্পরকে ঠকাতে গিয়ে তারা পেল পাঁচ বছরের কারাদণ্ড।আমাদের প্রধান দুটি দলের হয়েছে এ অবস্থা। পরস্পরকে আস্থায় এনে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পের বদলে তারা বেছে নিচ্ছে দীর্ঘ মেয়াদে দুর্ভোগের পথ। গত জরুরি আমলের আগে প্রতিপক্ষকে ঘায়েলের উদ্দেশ্যে তারা যা করেছিল, তাতে লাভবান হয়েছিল তৃতীয় পক্ষ। আখেরে উভয়েই ধরাশায়ী হয়েছিল। নির্বাচন ও দেশ চালানো নিয়ে দুই দলের মধ্যে ন্যূনতম সমঝোতা থাকলে সরকারি দলকে সর্বদা উৎখাত হওয়ার ভয় আর বিরোধী দলকে দমন-আতঙ্কে ভুগতে হতো না। প্রতিটি নির্বাচনের আগে তাহলে নিরপেক্ষ নির্বাচনের শর্ত সৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ‘গৃহযুদ্ধ’ পরিস্থিতির উদয়ও হতো না। সেটাই হতো তত্ত্বাবধায়ক সরকার দাবির পরিপক্ব মৃত্যু। জনগণও তাহলে রাজায় রাজায় যুদ্ধের মধ্যে উলুখাগড়ার মতো কাটা পড়ত না। ক্ষমতাসীন দলের অধীনে এ দেশে কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পায়নি। এটা ধ্রুব সত্য। তত্ত্বাবধায়কীয় নির্বাচন তুলনামূলক গ্রহণযোগ্যতা পাওয়ার ব্যাপারটিও অভিজ্ঞতার শিক্ষা, ইতিহাসের নির্দেশ। এটা শান্তিরও শর্ত এখন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে সরকারকে দমন-পীড়নের পথ নিতে হতো না, বিরোধী দলকেও যেকোনো মূল্যে দাবি আদায়ের জন্য গাঁটছড়া বাঁধতে হতো না আরও অগণতান্ত্রিক শক্তির সঙ্গে। প্রধানমন্ত্রী গত শুক্রবার এক সভায় বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘খালেদা জিয়া কীভাবে বিশ্বাস করেন, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার তাঁকে আবারও কারাগারে পাঠাবে না?’ আসলেই বিশ্বাস করার উপায় নেই। হয়তো একই ভয় স্বয়ং প্রধানমন্ত্রীর ভেতরেও কাজ করে। গত জরুরি অবস্থার সময় উভয় নেত্রীকেই দীর্ঘ সময় অন্তরীণ থাকতে হয়েছিল। কিন্তু অন্তরীণ হওয়ার ভয় থেকে নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতা হারানোকেই ক্ষমতাসীন দল বেশি বিপর্যয়কর মনে করে। সুতরাং যত দিন পারো ক্ষমতা রক্ষার ব্যবস্থা করো, দেশ রসাতলে গেলে যাক। ঘটনাবলি দেখে মনে হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রীও সেই পথেই হাঁটছেন; যে পথে হেঁটে একবার ঠকেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এত বড় অনিশ্চিত পথ সরকার তাহলে কেন নিচ্ছে? নিচ্ছে বিরোধী দলের প্রতি একেবারেই আস্থা না থাকায়, জিদের বশবর্তী হয়ে। খালেদা জিয়াও জিদের বশে কখনো সেনাবাহিনীর হস্তক্ষেপ, কখনো হেফাজতের উত্থান, কখনো আমেরিকাকে ডাকতে ডাকতে দলের রাজনৈতিক দেউলিয়াত্ব জানান দিচ্ছেন। অথচ সাদা চোখেই দেখা যায়, অরাজনৈতিক শক্তির হস্তক্ষেপ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই সমঝোতা প্রতিষ্ঠা করা যে খেলার নিয়ম আমরাই ঠিক করব। হারি-জিতি পরস্পরের কাছে হারব-জিতব; অন্য কোনো পক্ষকে ফায়দা নিতে দেব না। এই বোধ যত দিন তাঁদের না হবে, তত দিন প্রিজনার্স ডিলেমার ওই বন্দীদের মতো কূটচালের শিকার হবেন তাঁরা। আবহাওয়ার পূর্বাভাসব্যবস্থা এখনো স্বল্পমেয়াদি। বড় ঝড়ের আগে দুই-তিন দিন সময় পাওয়া যায়। রাজনীতির ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অনেক আগে থেকেই লক্ষ করা সম্ভব। সরকার এবং বিরোধী দল ক্রমেই বলপ্রয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আর বিএনপি জামায়াত-হেফাজতের পাল্টা বলপ্রয়োগের ক্ষমতাকে আশ্রয় করছে। বলপ্রয়োগ সহিংসতা ও রক্তপাত ছাড়া আর কোনো ভাষা জানে না। আরেকটি বিপর্যয়ের ভয়ে দেশের ধনিক শ্রেণীর একাংশ পৃথিবীর বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ বানিয়ে ‘এক্সিট রুট’ করে রেখেছেন। হতাশা অনিশ্চয়তা এমনভাবে ছড়িয়েছে, মানুষ সামনে কোনো শুভদিন দেখতে পাচ্ছে না। দেশব্যাপী সহিংসতার পরে রানা প্লাজার বিপুল প্রাণহানি জাতীয় আত্মবিশ্বাসেও চিড় ধরিয়েছে। মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা গভীরে চলে যায়, তখন এর সুযোগে আরও গভীরে থাকা অপশক্তিরা বেরিয়ে পড়ার অবকাশ পায়। এ সবকিছুর যোগফলে সরকারি দল তত্ত্বাবধায়ক সরকার মানতে অস্বীকার করলে যে সংঘাত-অস্থিরতায় দেশ নিপতিত হবে, তাতে দুই প্রধান দলই বহু বছরের জন্য ক্ষমতা থেকে নির্বাসিত হতে পারে, কিংবা পড়তে পারে আরও বিপদে।দেশের রাজনৈতিক সংহতি যখন দুর্বল হয়ে যায়, যখন দেশ বিভক্ত হয়ে পড়ে, তখন বহু বছর ধরে জমতে থাকা বিবিধ সমস্যাও মাথাচাড়া দেয়। সমাজে এখন বহু ধরনের ফাটল: সাম্প্রদায়িক ফাটল, দলীয় ফাটল, সংখ্যাগুরু-সংখ্যালঘু ফাটল, জাতীয় সংহতির ফাটল। ধসের আগে রানা প্লাজায় ফাটল দেখা দিয়েছিল। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিলে হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হতো না। দেশের গায়ে দেখা দেওয়া ফাটলগুলোর বিষয়ে এখনই যদি জাতীয় উদ্যোগ নেওয়া না হয়, তাহলে বিরাট বড় রাজনৈতিক ধসে ১৬ কোটি মানুষ বিপর্যস্ত হতে পারে।এ অবস্থায় উভয় জোটের মধ্যে সমঝোতা ছাড়া সুস্থ কোনো পথ নেই। কেবল নিরপেক্ষ নির্বাচনের শর্ত নিয়েই নয়, সমঝোতা হতে হবে আরও বড় পরিসরে। উভয় দলের মধ্যে নির্বাচিত সরকার বিষয়ে মতৈক্য থাকলে তৃতীয় কারও পক্ষে তিন মাসের জন্য এসে তিন বছরের জন্য অনির্বাচিত শাসন চালানো সম্ভব হবে না। এরই অংশ হবে আরেকটি সমঝোতা যে অতীতের হানাহানি ভুলে গিয়ে উভয় জোটই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসবে। জয়ী পক্ষ ২০০১ সালের মতো পরাজিত পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে না। দ্বিতীয় সমঝোতা হবে প্রথম সমঝোতার পূর্বশর্ত। মাত্র এই দুটি সমঝোতা হলেই দেশ স্বর্গ না হোক, নরক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তার জন্য প্রয়োজন উভয়সংকটে পড়া বন্দীদের মতো পরস্পরকে ঠকিয়ে বাঁচার চেষ্টা বন্ধ করা। পরস্পরকে দোষারোপ করে কেউ রক্ষা পাবে না, রক্ষা পাওয়ার উপায় হলো রাজনীতির ব্যর্থতার কূট অভিযোগ একযোগে অস্বীকার করা। এর মানে হলো, ওই বন্দীদের মতো ন্যূনতম ভোগান্তি হিসেবে তিন মাসের পথ বেছে নেওয়া, অর্থাৎ তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একযোগে নির্বাচনে অংশগ্রহণ করা। এর জন্য বেশি কিছু প্রয়োজন নেই, প্রয়োজন কেবল ক্ষমতা আর অক্ষমতার জিদের বন্দিত্ব থেকে বেরিয়ে আসা।ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।[email protected]