জিল্লুর রহমান সিদ্দিকীর প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন একাধারে লেখক, কবি, অনুবাদক এবং ইংরেজি সাহিত্যের আদর্শস্থানীয় শিক্ষক। নব্বইয়ে স্বৈরাচারী এরশাদের পতনের পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বরিত হয়েছেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে। কিন্তু সব পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছিল তাঁর প্রাগ্রসর চিন্তা এবং শিক্ষাসাধনা। তিনি ছিলেন আজীবন শিক্ষাব্রতী। পেশাগত জীবনে জিল্লুর রহমান সিদ্দিকী যে প্রতিষ্ঠানে গিয়েছেন কিংবা যে পদেই অভিষিক্ত হয়েছেন, অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের শিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষা নিয়ে ছিল তাঁর গভীর ও নিবিড় পর্যবেক্ষণ। নিজের অভিজ্ঞতা ও লব্ধ জ্ঞানের আলোকে শিক্ষার উন্নয়নে তিনি কাজ করে গেছেন নিরলসভাবে।
চলে গেলেন জিল্লুর রহমান সিদ্দিকী১৯২৮ সালে জন্মগ্রহণকারী জিল্লুর রহমান সিদ্দিকীর গোটা কর্মজীবন কেটেছে শিক্ষা, শিক্ষাঙ্গন ও শিক্ষকতায়। মৌলিক সাহিত্য রচনা ছাড়াও মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা ও শেক্সপিয়ারের সনেট অনুবাদে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডে উচ্চতর শিক্ষা লাভ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টার স্বল্পকালীন দায়িত্ব পালনকালে জিল্লুর রহমান সিদ্দিকী শিক্ষা সংস্কারের উদ্যোগ নেন, যে কারণে তিনি প্রতিক্রিয়াশীল শক্তির আক্রমণের শিকার হয়েছিলেন। তাঁর শিক্ষাজীবনের উৎকৃষ্ট ও উজ্জ্বল সময় কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে; গেল শতকের মধ্যপঞ্চাশ থেকে পুরো ষাটের দশকে তাঁর এবং সহযোগীদের উদ্যোগে সেখানে গড়ে উঠেছিল একটি বিদ্ব্যৎসমাজ। জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তাফা নূরউল ইসলাম সম্পাদিত সাময়িকী পূর্বমেঘ বাঙালির আত্মানুসন্ধানের অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। যেখানে আমাদের শিক্ষাঙ্গন প্রচণ্ডভাবে দলীয়করণের শিকার, সেখানে নীতি ও আদর্শে অবিচল থেকে জিল্লুর রহমান সিদ্দিকী সর্বস্তরের শিক্ষার্থী ও শিক্ষকের শ্রদ্ধা ও ভালোবাসা কুড়িয়েছেন।
এই শিক্ষাব্রতীর প্রয়াণে আমরা শোকাভিভূত। তাঁর কর্ম ও সাধনা আমাদের নিত্যপ্রেরণার উৎস হয়ে থাকবে।