জিসানের ভাঙা পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইনজামাম-উল ইসলাম ওরফে জিসান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। যদিও তার এখানে থাকার কথা ছিল না। পুলিশের দাবি অনুযায়ী সে যদি একই কলেজের শিক্ষার্থী আয়াজ হত্যার সঙ্গে জড়িতও থেকে থাকে, তাহলে তাকে জেলহাজতেই পাঠানোর কথা। আরও উদ্বেগের বিষয় হলো, ধানমন্ডি থানা-পুলিশ তাকে শুধু হাসপাতালে পাঠিয়েই ক্ষান্ত হয়নি, তার বাঁ পাটিও ভেঙে দিয়েছে। কেন এ নিষ্ঠুর আচরণ?
গত বুধবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান জিসানকে দেখতে গেলে সে নিজেকে নির্দোষ দাবি করে এবং পুলিশের দাবিমতো ১০ লাখ টাকা না দিতে পারার কারণে তার জীবনের এ করুণ পরিণতি হয়েছে বলে জানায়। মানবাধিকার কমিশনের প্রধান পুলিশের বিরুদ্ধে মামলা করলে তাকে সহায়তার আশ্বাস দেন এবং রাষ্ট্রকে তার চিকিৎসার ব্যয় বহন করতে হবে বলে জানান।
জিসানের এ ঘটনা আমাদের ঝালকাঠির নিরপরাধ কিশোর লিমনের কথা মনে করিয়ে দেয়। সেখানে র্যাব সদস্যরা তাকে সন্ত্রাসী বানিয়ে পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দেন, এখানে ধানমন্ডি থানা-পুলিশ জিসানের পা ভেঙে দিয়েছে। লিমন র্যাবের বিরুদ্ধে মামলা করে ফল পায়নি, উল্টো এখনো তার বিরুদ্ধে র্যাবের মামলার খড়্গ ঝুলছে। জিসান মামলা করলে যে প্রতিকার পাবে, তার নিশ্চয়তা কী?
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিসান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাহলে কি সেই স্বীকারোক্তি আদায়ের বিনিময়ে তাকে একটি পা বিসর্জন দিতে হয়েছে? আসামিকে শারীরিক নির্যাতন ও পঙ্গু করে দিয়ে স্বীকারোক্তি আদায় কেবল আইনের বরখেলাপ নয়, মানবতার বিরুদ্ধে অপরাধও। যে পুলিশ সদস্যরা জিসানের পা ভেঙে দিয়েছেন, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা হোক। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গড়িমসি অপরাধীকে রক্ষার অপ্রয়াস হিসেবেই বিবেচিত হবে।