মানুষের রাগ হয় অন্যের ওপরই। কখনো কখনো নিজের ওপরও। তবে নিজের ওপর হলেও নিজের জিহ্বার ওপর রাগ হওয়ার কথা শোনা যায় না।জিহ্বার অনেক রকম কাজ। খাদ্যের স্বাদ আস্বাদন। জিহ্বা না থাকলে আমরা মরিচ আর মধুর একই রকম স্বাদ পেতাম। জিহ্বা না থাকলে রসগোল্লার মূল্য দিত না মানুষ। জিহ্বা ছাড়া কথা বলতে গেলে গলার স্বরযন্ত্র শুধু গোঁ গোঁ আওয়াজ করত। ঠোঁট নড়লেও কথা হতো অস্পষ্ট। জিহ্বা ঠিকমতো নড়াচড়া করে বলেই কথা হয় পরিষ্কার। জিহ্বা না থাকলে কোনো রকমে জীবন চলে যেত, কিন্তু সভা-সমাবেশে গলার রগ ফুলিয়ে বক্তব্য দেওয়া সম্ভব হতো না। কথা সুস্পষ্ট করা ছাড়া আরও কিছু কাজ আছে জিহ্বার। যারা নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়, তারা লজ্জায় দাঁতে জিব কাটে। জিহ্বার আরেকটি কাজ ভেংচি কাটা। সেটা করে সাধারণত কিশোর বয়সী দুষ্টু মেয়েরা। কাউকে খ্যাপাতে জিহ্বা বের করে ডানে-বাঁয়ে নেড়ে ভেংচায়। জিহ্বা নিয়ে এক কাণ্ড করেছেন ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা বান্টি ভার্মা। তাঁর জিহ্বা অসংযত। স্ত্রীকে বকাঝকা করা তাঁর স্বভাব। তাঁর গালিগালাজে টিকতে না পেরে প্রথম স্ত্রী কয়েক বছর আগে চলে গেছেন চিরদিনের জন্য বাপের বাড়ি। তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা। তাঁকেও প্রতিদিন কটুকাটব্য করতেন বান্টি। তাঁর স্বভাবটাই ঝগড়াটে। তাঁর গালিগালাজে টিকতে না পেরে হেমাও শিশুকন্যাসহ বাপের বাড়ি চলে যান। অনুশোচনা হয় বান্টির। রাগটা তাঁর নিজের স্বভাবের ওপর নয়, গিয়ে পড়ে তাঁর জিহ্বার ওপর। তাঁর মনে হয়, জিহ্বাটাই নষ্টের মূল। সমস্যার স্রষ্টা জিহ্বা। তাই তিনি জিহ্বা কেটে ফেলেছেন। কাটা জিহ্বা ও ক্ষমা চেয়ে চিঠি পাঠালেও হেমার মান ভাঙেনি। তাঁর ফেরার কোনো সম্ভাবনা নেই। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বান্টি এখন ইন্দোর হাসপাতালে কপালে হাত দিয়ে শুয়ে আছেন।আমাদের এই উপমহাদেশ এক বিচিত্র ভূখণ্ড। কখন যে কে কী করে বসে! এর আগে বিহার বা ঝাড়খন্ডের একজন তাঁর এক প্রত্যঙ্গ উৎসর্গ করে প্রায়শ্চিত্ত করেন। তাঁর নিজের দোষের জন্য দায়ী করেন তাঁর শরীরের এক অঙ্গকে। যা হোক, এখন ভার্মাবাবুর কথাই ভাবছি। জিহ্বা নারী-পুরুষ সবারই আছে। বহু নারী স্বামীর জিহ্বার নাড়ায় তিষ্ঠাতে না পেরে গলায় কলস বেঁধে নদীতে ঝাঁপ দেন। বহু পুরুষ বউয়ের জিহ্বার ঝামটা সইতে না পেরে রাস্তার গাছতলায় গিয়ে বসে থাকেন। আর কপাল চাপড়ান। কোনো কোনো দেশের নেতাদের জিহ্বার জোরে জনগণের পাগল হওয়ার জো! মনের এবং মুখের মধ্যে যা আছে তা জিহ্বা দিয়ে সজোরে ঠেলে বাইরে বের করে দেন। খবরের সময় টিভির পর্দা থেকে তা বিষাক্ত তিরের মতো ছুটে এসে শ্রোতার কান ফুটো করে দেয়। গণতান্ত্রিক রাজনীতির পনেরো আনাই জিহ্বার কাজ। মানুষের শরীরে যত অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে, তার মধ্যে রাজনীতিকদের জিহ্বার ব্যবহার সবচেয়ে বেশি। সেটা গণতান্ত্রিক দেশের সব রাজনীতিকের ক্ষেত্রে প্রযোজ্য। সে জন্যই কোনো বোবা বা বাকপ্রতিবন্ধী কোনো দেশের রাজনৈতিক দলের নেতা হতে পারেন না। সম্প্রতি সেরা দেশে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, তাতে দুই পক্ষের দুই প্রার্থীর জিহ্বার ব্যবহার দেখা গেছে। তবে বাংলাদেশের রাজনীতিতে শুধু জিহ্বা দিয়ে কাজ হয় না। আরও একটি অঙ্গের সদ্ব্যবহার হয় এখানে। সেটি দুখানা হাত। জিহ্বার কাজ যেখানে শেষ, হাতের কাজ সেখানে শুরু। রাজনীতির লোকদের হাতের সদ্ব্যবহারে কতজন হারান তাঁর সন্তান। কত শ্বশুর-শাশুড়ি তাঁর আদরের জামাই। কত চাচা-মামা তাঁদের ভাতিজা-ভাগনে। কত শ্যালক তার দুলাভাই। রাজনীতিতে হাতের ব্যবহারের ফলে প্রতিবছর হাজার পাঁচেক আদম সন্তান পঙ্গুত্ব বরণ করে। সুতরাং হাতের চেয়ে জিহ্বাই ভালো।কটুকাটব্য করে, কথা দিয়ে কাউকে আঘাত করে, জনগণকে জ্বালিয়ে জিহ্বা কেটে প্রায়শ্চিত্ত করা আমরা অনুমোদন করি না। নিজেকে সংযত রাখলে জিহ্বা কেন, শরীরের কোনো অঙ্গই কাটার প্রয়োজন হয় না। তাই আমাদের দাবি, সংযত জিহ্বা চাই।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।