জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি সম্পর্কে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিপরীতমুখী হিসাব প্রকাশ করেছে। ক্যাব বলেছে, ২০১৭ সালে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। ওই সময় আগের বছরের তুলনায় চালের গড়মূল্য বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে বিবিএসের প্রতিবেদনে গত ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করা হয়েছে। তাদের মতে, গত নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯১ শতাংশ আর ডিসেম্বরে ৫ দশমিক ৮৩ শতাংশ। বিবিএসের হিসাবেই, মূল্যস্ফীতি গণনায় গ্রাম এলাকায় খাদ্যপণ্যের অবদান ৬৩ শতাংশ। আর শহর এলাকায় ৪৯ শতাংশ। সীমিত আয়ের মানুষের খরচের বড় অংশই খরচ হয় চাল কেনায়।
নিত্যপণ্য, বিশেষ করে চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কীভাবে মূল্যস্ফীতি কমল, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি খোদ পরিকল্পনামন্ত্রীও। তিনি বলেছেন, চালের দাম বৃদ্ধি মূল্যস্ফীতি কতটা বাড়ায় তা হিসাব করে দেখতে হবে? গত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চালের দাম বৃদ্ধি অব্যাহত ছিল। যে দেশে প্রায় সব মানুষের প্রধান খাদ্য ভাত, সে দেশে চালের দাম বাড়লে যে মূল্যস্ফীতি বাড়বে, সেটি মন্ত্রী মহোদয় স্বীকার না করলেও দিবালোকের মতো সত্য।
ক্যাবের জরিপটি করা হয়েছে রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবার মধ্য থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবার তথ্য পর্যালোচনা করে। কিন্তু বিবিএস কিসের ভিত্তিতে মূল্যস্ফীতি কমার পরিসংখ্যান দাঁড় করিয়েছে তা স্পষ্ট নয়।
এর আগে বেসরকারি সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সনেমের প্রতিবেদনে বলা হয়, চালের দাম বাড়ার কারণে পাঁচ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। চালের দামের প্রভাব যদি অর্থনীতিতে না-ই পড়বে, তাহলে এসব মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেল কীভাবে?
সত্য স্বীকার করে নিলে সমাধানের একটি সম্ভাবনা তৈরি হয়। আর সত্য অস্বীকার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াও অস্বাভাবিক নয়। বাজারে নতুন ধান ওঠার পরও চালের দাম না কমায় উদ্বেগ আরও বেড়ে যায়। অন্যদিকে কৃষকের অভিযোগ, তাঁরা ধানের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে কৃষকদের কাছ থেকেও অভিযোগ আসছে। এই পরিস্থিতি ভোক্তা ও উৎপাদক—কারও জন্যই সুখকর নয়। বরং লাভের গুড় পুরোটা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা বেশি। তবে কি বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই?