করোনাকালে একদিকে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে আয় কমেছে। এতে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বার্ষিক প্রতিবেদনে ঢাকা শহরের বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরেছে। সারা দেশের চিত্রও কমবেশি এ রকম।
অপেক্ষাকৃত সচ্ছল মানুষ এ বাড়তি ব্যয়ের জোগান দিতে পারলেও নিম্ন ও নিম্নমধ্যবিত্তের পক্ষে তা খুবই কঠিন। বাধ্য হয়ে অনেকে পুরোনো সঞ্চয় ভেঙে কিংবা ধারকর্জ করে পরিস্থিতি সামাল দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, গত বছর করোনা পরিস্থিতিতে ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত মানুষের রোজগার কমে গিয়েছিল। এতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ২০ থেকে বেড়ে ৪০ শতাংশে উঠেছে। যদিও দারিদ্র্যহার বেড়ে যাওয়ার কথা সরকার স্বীকার করছে না।
ক্যাবের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০২০ সালে বাংলাদেশে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ ২০১৯ সালে তারা ১০০ টাকা খরচ করে যেভাবে জীবনযাপন করতে পেরেছে, ২০২০ সালে সেটা করতে খরচ করতে হয়েছে ১০৬ টাকা ৮৮ পয়সা। এ সময় খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্য বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবা সার্ভিসের মধ্য থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবা সার্ভিসের সংগৃহীত মূল্য থেকে প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
করোনাকালে যে পণের দাম স্বল্প আয়ের মানুষকে বেশি বিচলিত করেছে, তা হলো চাল। চলতি বছর বোরোর ফলন অনেক ভালো হয়েছে, তারপরও দাম না কমার পেছনে ব্যবসায়ী ও চালকলমালিকদের কারসাজি আছে কি না খতিয়ে দেখা দরকার। এ ছাড়া ভোজ্যতেলের দামও বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। বেড়েছে আটা, চিনি, ডাল, পেঁয়াজ, ডাল, মসলা ইত্যাদির দামও।
ক্যাবের এ প্রতিবেদনে শিক্ষা, চিকিৎসা ও গণপরিবহনের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। করোনাকালে স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি পরিবারকে বাড়তি ব্যয় করতে হয়েছে এবং এখনো হচ্ছে। সে ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় আরও বেশি হবে। অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জরিপ করে বলেছে, করোনাকালে মানুষের আয় কমেছে ২০ থেকে ২৫ শতাংশ। বেসরকারি হিসাবে আয় কমার পরিমাণ আরও বেশি।
এ অবস্থায় স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে যে সহায়তা প্রয়োজন ছিল, তার সামান্যই পাওয়া গেছে। সরকার নগদ সহায়তা খুব বেশি দিতে না পারলেও বাজার নিয়ন্ত্রণ এবং পরিষেবা খাতের (যেমন পানি, গ্যাস ও বিদ্যুৎ) মাশুল না বাড়িয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারত। কিন্তু করোনাকালেও দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও পানির মাশুল বাড়ানো হয়েছে।
সরকার টিসিবির মাধ্যমে ডাল, তেল, চিনিসহ কিছু পণ্য অপেক্ষাকৃত কম দামে খোলাবাজারে বিক্রি করলেও তার পরিমাণ এত কম যে বাজারে কোনো প্রভাব ফেলেনি। পরিস্থিতি সামাল দিতে টিসিবির মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রি বাড়াতে হবে। সেই সঙ্গে বাজার তদারকি জোরদার করতে হবে, যাতে কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিতে না পারে।
সরকারকে কেবল উঁচুতলার মানুষের কথা ভাবলে চলবে না, করোনায় কাজ হারানো, আয় কমে যাওয়া সাধারণ মানুষ কীভাবে চলবে, কত দ্রুত তাদের কর্মসংস্থান করা যায়, সেদিকেও নজর দিতে হবে।