সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবনযাপনে নানামুখী কষ্ট ও দুর্ভোগ বেড়ে চলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, বিদ্যুৎ-সংকট, পরিবহনব্যবস্থার অনিশ্চয়তা ও ব্যয় বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সংবাদমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, তা থেকে বিষণ্ন ও হতাশাজনক চিত্র ফুটে ওঠে। শাকসবজি ও মাছের বাজার চড়া বলে খবর বেরিয়েছে। প্রজনন মৌসুম বলে ইলিশ ধরা কিছুদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার ফলে শুধু যে ইলিশ মহার্ঘ হয়েছে তা নয়, অন্যান্য মাছের দামও বেড়েছে। বাজারে এখন শুধু পাঙাশ ছাড়া আর সব ধরনের মাছের দাম আগের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা করে বেশি। ডিমের দাম অতিরিক্ত বেড়েছিল বলে ডিম ও ব্রয়লার মুরগি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। কিন্তু তার পরও ডিমের দাম আর কমেনি। এ সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ানো হয় ছয় দফা। কিন্তু বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি নয়, অবনতি ঘটেছে। অতিসম্প্রতি রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বেড়েছে অসহনীয় মাত্রায়। সড়ক পরিবহন খাতে কোনো শৃঙ্খলা নেই, দফায় দফায় বেড়েছে পরিবহন খরচ। সব মিলিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনযাত্রায় কষ্ট বেড়েছে। কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল উল্টো; কষ্ট কমবে, স্বস্তি আসবে। সরকারের প্রতিশ্রুতিও ছিল তা-ই।চাল প্রধান খাদ্য বলে সরকারের দৃষ্টি নিবদ্ধ থাকে মূলত চালের দামের দিকে। কিন্তু মানুষ শুধু চাল খেয়ে বাঁচে না, তার ডাল, নুন, তেলও দরকার, তা-ও দুর্মূল্য। বিশেষত, ভোজ্যতেলের বাজার লাগামহীন। মাছ, মাংস, দুধ, ডিমের কথা তুললে সরকার বলবে বড্ড বেশি চাওয়া হচ্ছে। কিন্তু শাকসবজির বাজারে কেন আগুন? মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাজারে গিয়ে দিশেহার। মূল্য কমতে কমতে টাকা যেন কানাকড়িতে পরিণত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি এবং হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধের খবর সংবাদমাধ্যমে এতটাই নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে যে এসব যেন গা-সহা হয়ে গেছে। পেশাদার অপরাধবৃত্তির সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক দুর্বৃত্তপনা। রাজনৈতিক হত্যাকাণ্ডসহ প্রতিপক্ষের সঙ্গে সহিংস আচরণ যেমন চলছে, তেমনি চলছে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে খুনোখুনি। যশোর শহর নিয়ে এক সরেজমিন প্রতিবেদনে যে চিত্র ফুটে উঠেছে, তাতে মনে হয়, দেশের কোনো আইন শহরটির জন্য প্রযোজ্য নয়। সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের অনুভূতিশক্তি যেন ভোঁতা হয়ে গেছে।সবচেয়ে বড় হতাশার বিষয়, কোনো ক্ষেত্রেই সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকার যেন মনে করে, তাদের কোনো দায়িত্ব নেই। নির্বাচন, সংবিধান, পদ্মা সেতু ইত্যাদি বিরাট বিরাট বিষয় নিয়ে সরকার ব্যস্ত। সরকারের দায়িত্ব জনগণের ভালোমন্দের কথা ভেবে কাজ করা, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা। মনে হচ্ছে সরকার সেটা ভুলে গেছে।