দেশে প্রায় ছয় মাস ধরে যে জঙ্গিবিরোধী অভিযান চলছে, তাতে এ পর্যন্ত সন্দেহভাজনদের প্রাণ হারানোর ঘটনাই বেশি ঘটেছে। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ১৭ জঙ্গির মধ্যে ১৩ জনই ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর হাতে মারা পড়েছেন। সেদিক থেকে গত শুক্রবার রাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জাহাঙ্গীর আলম (রাজীব গান্ধী) নামের এক সন্দেহভাজন জঙ্গির জীবিত অবস্থায় আটক ও গ্রেপ্তার হওয়ার খবরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রথমত, জঙ্গি তৎপরতা দমন করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে জঙ্গি সংগঠনগুলোর কর্মপদ্ধতি, দেশি-বিদেশি যোগাযোগ, অর্থ, অস্ত্র, আশ্রয়ের উৎস ইত্যাদি সম্পর্কে যথাসম্ভব বিশদ তথ্য জানতে হবে। জঙ্গিবিরোধী অভিযানে জঙ্গিরা নিহত হলে সেসব তথ্য পাওয়ার সুযোগ থাকে না; বরং তাঁদের জীবিত অবস্থায় গ্রেপ্তার করা সম্ভব হলে অনেক কিছু জানার সম্ভাবনা থাকে, অন্ততপক্ষে জানার চেষ্টা করা যায়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাঙ্গীর হলি আর্টিজান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’; প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হলি আর্টিজানে হামলা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তা ছাড়া, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন পুরোহিত, যাজক, বিদেশি নাগরিক হত্যা এবং শিয়া মসজিদে হামলাসহ মোট ২২টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং জঙ্গি তৎপরতা সম্পর্কে অনুসন্ধানের ক্ষেত্রে এই ব্যক্তি অবশ্যই এক গুরুত্বপূর্ণ উৎস। তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করি, এই সময় পুলিশ তাঁর কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, হলি আর্টিজানে হামলার বিচার অনুষ্ঠান, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজে ন্যায়বিচারের ধারা প্রতিষ্ঠা জরুরি—যেটি সন্দেহভাজনদের সবার মৃত্যু ঘটলে হয়তো আর সম্ভব হবে না। জঙ্গি তৎপরতা দমনের কাজে যথাযথ আইনানুগ প্রক্রিয়া (ডিউ প্রসেস) অনুসরণ করার গুরুত্বই আলাদা। যদিও জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপ সাধারণ অপরাধবৃত্তি থেকে খুবই ভিন্ন প্রকৃতির এবং এর সঙ্গে একধরনের রাজনৈতিক ও ভাবাদর্শগত প্রবণতা বা দৃষ্টিভঙ্গির যোগ আছে, তবু তা মোকাবিলার ক্ষেত্রে ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের নীতির কথা বিবেচনায় রাখা প্রয়োজন। এই অনুশীলন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের নৈতিক মনোবল রক্ষার জন্যও জরুরি।