জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার বিচারে হাইকোর্ট পাঁচজনের মৃত্যুদণ্ড এবং দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেও এই রায়ের পূর্ণাঙ্গ কার্যকর সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয়মুক্ত হওয়া যাচ্ছে না। কেননা, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের একজন পলাতক রয়েছেন। পলাতকদের চারজনই মালয়েশিয়ায় আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।
দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া সব আসামিই ছাত্রলীগের নেতা-কর্মী। নিহত জুবায়েরও ছিলেন ছাত্রলীগের নেতা। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হিসেবে ২০১২ সালের ৮ জানুয়ারি তিনি প্রতিপক্ষ গ্রুপের হাতে খুন হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ পাঁচজনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অ্যাটর্নি জেনারেল আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে অপরাধীদের কাছে এই বার্তা যাবে যে অপরাধ করলে শাস্তি পেতে হবে। কিন্তু এখানে যে প্রশ্নটি করা দরকার তা হলো দণ্ডপ্রাপ্তরা যদি ধরাছোঁয়ার বাইরে থাকেন, তাহলে তাঁদের দণ্ড কীভাবে কার্যকর হবে। সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সরকারের কাছেই তাঁর জবাবদিহি চাইতে হবে কীভাবে হত্যা মামলার আসামিরা দেশ ত্যাগ করতে পারলেন।
পত্রিকার খবর অনুযায়ী, জুবায়ের হত্যায় দণ্ডপ্রাপ্ত চার আসামি মালয়েশিয়ায় আছেন এবং সেখানে ব্যবসা-বাণিজ্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁরা সক্রিয়। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী অপরাধীদের প্রতি বার্তা দিতে হলে তো তাঁদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে হবে। এখন সরকারের কর্তব্য ইন্টারপোল ও সংশ্লিষ্ট দেশের সহায়তায় তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা।
কেবল জুবায়ের হত্যা নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ মামলার দণ্ডিত আসামি বিদেশে পালিয়ে রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিদেশে পালিয়ে থাকা ছয় খুনিকে দেশে ফিরিয়ে এনে এখনো শাস্তি নিশ্চিত করা যায়নি। তঁাদের অনেকের অবস্থান জানা যাচ্ছে না আবার জানা গেলেও সেসব দেশে মৃত্যুদণ্ডের নিষেধাজ্ঞা থাকায় ফেরত আনা যাচ্ছে না। তবে জুবায়ের হত্যার আসামিরা যদি সত্যিই মালয়েশিয়ায় পালিয়ে থাকেন তবে সে ক্ষেত্রে এই সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সে দেশে মৃত্যুদণ্ডের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ফলে এ বিষয়ে সরকারের কূটনৈতিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
রায়ের পর্যবেক্ষণে আদালত পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ড বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিমত প্রকাশ করেছেন। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে প্রতিটি হত্যা ও সন্ত্রাসী ঘটনার বিচার এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করা জরুরি।