জুরাইন রেলবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জনজীবনে এমনিতেই ঝকমারি যথেষ্ট, আধুনিক জীবন যাপনের নানা অনুষঙ্গের সেখানে বিরাট ঘাটতি রয়েছে। রেললাইন ঘেঁষে বাজার আমাদের দেশের বহু স্থানেরই একটি সাধারণ চালচিত্র। কিন্তু খোদ রাজধানীতে এ রকম একটি জায়গা থাকাটা জানান দিচ্ছে যে জনপ্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কতটা ঢিলেঢালাভাবে অনিয়মকে প্রশ্রয় দিতে পারে।
যে লাইন দিয়ে প্রতিদিন ১৩ জোড়া ট্রেন চলাচল করে, সেখানে এ রকম একটি কাঁচাবাজার উচ্ছেদে কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যত খোঁড়া যুক্তি দেখিয়েছেন। তাঁর যুক্তি, অবৈধ কাঁচাবাজারটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সে জন্য তিনি রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু তারা নির্বিকার। আসলে দেখা যাবে যে সব বিভাগের কাছেই অপারগতার যুক্তি আছে।
আশা করব রেললাইন কর্তৃপক্ষ এ বিষয়ে আশু পদক্ষেপ নেবে। আর এলাকাটি যেহেতু দক্ষিণ সিটি করপোরেশনের, তাই তার নির্বাচিত মেয়রেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে। তিনি রেল, পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষের ঔদাসীন্যের কাঁধে দায় চাপিয়ে নির্বিকার থাকতে পারেন না। নগর প্রশাসনের উচিত হবে এ বিষয়ে একটি আন্তবিভাগীয় সংলাপ আয়োজন করা এবং সমস্যাটির সুরাহা নিশ্চিত করা।
আলোচ্য কাঁচাবাজারটি অবৈধ হলেও এলাকাবাসীর দৈনন্দিন জীবনে এর গুরুত্ব থাকতে পারে। সুতরাং অবৈধ স্থাপনা হিসেবে বাজারটির উচ্ছেদই কেবল প্রত্যাশিত নয়, এটিকে কোনো একটি উপযুক্ত স্থানে স্থানান্তর করারও হয়তো প্রয়োজন আছে। অবশ্য সেই যুক্তিতে জুরাইন রেললাইন ঘেঁষে বর্তমানে যে প্রক্রিয়ায় বাজারটি চলছে, সেটি চলতে পারে না।
রেলের হুইসেলের সঙ্গে বাঁধা রয়েছে এর অভিনব বিকিকিনি। হুইসেল ভেসে এলেই ঝটপট সব বন্ধ করে দেওয়া হয়, ট্রেন চলে গেলে আবার সবকিছু ‘স্বাভাবিক’ রূপ নেয়। দুর্যোগকালীন কোনো পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য চলতে পারে, কিন্তু রাজধানীর বুকে এ রকম একটি অনিয়ম দীর্ঘকাল ধরে চলতে দেওয়া যায় না। এই রেললাইন বাজারের কারণে মাসে গড়ে চার-পাঁচটি দুর্ঘটনা ঘটছে, এই পরিস্থিতি অগ্রহণযোগ্য।